ফটিকছড়িতে লোডশেডিংয়েও বৈষম্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিনে-রাতে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এ ছাড়া বিদ্যালয়ের কোনো কাজই ঠিকভাবে করা যাচ্ছে না। একটি চিঠি ড্রাফট করতে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে।’ কথাগুলো বলছিলেন ফটিকছড়ির সমিতিরহাট খাদিজা-মালেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান।গ্রামাঞ্চলের গ্রাহকদের অভিযোগ, লোডশেডিংয়েও বৈষম্য হচ্ছে। উপজেলা সদরের চেয়ে গ্রামে লোডশেডিং করা হয়। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, চাহিদার তুলানায় বিদ্যুৎ সরবরাহ খুব কম বলে সবখানেই লোডশেডিং করা হচ্ছে।পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ফটিকছড়ি উপজেলার দুই উপকেন্দ্রের (ফটিকছড়ি সদর ও আজাদী বাজার) গ্রাহকসংখ্যা ৬৪ হাজার ৬০০ জন। এখানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৭ থেকে ১৮ মেগাওয়াট। কিন্তু তার বিপরীতে পাওয়া যাচ্ছে তিন থেকে চার মেগাওয়াট।নানুপুর বাজারের মুরগির খামারি আরাফাত হোসেন বলেন, ‘বিদ্যুৎ পাওয়া তো এখন ভাগ্যের ব্যাপার। বিদ্যুৎ না থাকায় ফার্মে মুরগি তুলতে পারছি না। অথচ বিভিন্ন কাজে উপজেলা সদরে গেলে সেখানে বিদ্যুৎ থাকে।’ উপজেলার আজাদী বাজারের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, বৈষম্যের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। অভিযোগ দিলে কিছুদিন ঠিক থাকে। কয়েক দিন পর আবার আগের অবস্থায় চলে যায়। এ প্রসঙ্গে জানতে পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতি-২-এর সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, উপজেলা সদরে যথাসম্ভব কম লোডশেডিংয়ের অলিখিত নির্দেশ থাকে। তা ছাড়া জাতীয়ভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। ফলে গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে। গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি করার কথা অস্বীকার করে আজাদী বাজার পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সরওয়ার জাহান প্রথম আলোকে বলেন, চলতি খরায় বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং কিছুটা বেড়েছে। তবে উৎপাদন ক্রমাগত বাড়ছে। ফলে লোডশেডিংও কমবে।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. সাখাওয়াত উল্লাহ লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ যোগ হচ্ছে। ক্রমেই লোডশেডিং অনেকটা কমে যাবে। লোডশেডিংয়ে বৈষম্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।