ফটিকছড়িতে সংরক্ষিত বনে ৫৩টি করাতকল
ফটিকছড়ি উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে ৫৩টি অবৈধ করাতকল। যেখানে প্রতিনিয়ত চলছে বনের কাঠ চিরাই। ‘প্রভাবশালীরা এসব করাতকল তৈরি করেছে’—এই বলে দায় সারছে বন বিভাগ। উপজেলা প্রশাসনেরও কোনো তৎপরতা নেই।
বন বিভাগ সূত্র জানায়, করাতকল বিধিমালা (সংশোধিত) ২০১২-এর ‘ক’ ধারা অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল বসানো যাবে না। কেউ বসালে সর্বনিম্ন দুই মাস থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং দুই থেকে ১০ হাজার টাকার অর্থদণ্ডের বিধান রয়েছে। অথচ ফটিকছড়িতে ৫৩টি করাতকল বসানো হয়েছে সম্পূর্ণ বনাঞ্চলের ভেতর। যেগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। অনুমোদন ছাড়াই প্রভাবশালীরা এসব করাতকল বসিয়ে ব্যবসা করছেন। বন বিভাগও কখনো অভিযান চালায়নি।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট করাতকলের সংখ্যা ৯৬টি। এর মধ্যে সংরক্ষিত বনাঞ্চলেই রয়েছে ৫৩টি। এর মধ্যে বাগানবাজার ইউনিয়নে ১০টি, দাঁতমারায় তিন, নারায়ণহাটে চার, ভূজপুরে পাঁচ, হারুয়ালছড়িতে এক, পাইন্দং-এ সাত, কাঞ্চননগরে ১১, লেলাংয়ে সাত ও নানুপুরে পাঁচটি করাতকলের অবস্থান। যেগুলো উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ‘করাতকলগুলোতে রাত-দিন চিরাই চলছে বনের গাছ। বনাঞ্চল থেকে গাছ চোরেরা বিভিন্ন প্রজাতির গাছ এখানে মজুত করে। পরে চিরাই করে পাচার করা হয় বিভিন্ন এলাকায়। এ বিষয়গুলো সমন্বয় সভায়ও বলেছি।’
সরেজমিনে দেখা যায়, প্রতিটি করাতকলে কাঠের স্তূপ। সেখানে সেগুন, গামারি, গর্জন, আকাশমণি, কাঁঠালসহ ফলদ ও বনজ গাছ রয়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতিটি করাতকলে আট থেকে ১০ হাজার ঘনফুট কাঠ মজুত রয়েছে। যেগুলোর বাজারমূল্য কয়েক কোটি টাকারও বেশি হবে।
শান্তিরহাটের এক করাতকলের মালিক মোহাম্মদ জানে আলম বলেন, ‘চিরাই করার জন্য গাছগুলো মজুত করেন ব্যবসায়ীরা। পাচারও করেন তাঁরা। এতে আমাদের হাত নেই।’ তবে করাতকলের কাগজপত্র না থাকার সত্যতা স্বীকার করেন তিনি।
নারায়ণহাটের এক করাতকলের মালিক মো. আবুল কালাম বলেন, পৌরসভা এবং কয়েকটি ইউনিয়ন ছাড়া বেশির ভাগ জায়গা সংরক্ষিত বনাঞ্চলের আওতায়। ফলে বন বিভাগ এসব এলাকায় করাতকল বসানোর অনুমোদন দেয় না। অনুমোদন ছাড়াই বেশির ভাগ করাতকল চলছে। এ জন্য বন বিভাগসহ অনেককে মাসোহারা দিতে হয়।
এ প্রসঙ্গে উপজেলার হাসনাবাদ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, ‘বেশির ভাগ এলাকায় বসানো করাতকলগুলো বনের ভেতর। বাইরের কয়েকটি উচ্চ আদালতের নির্দেশে চলছে। ক্ষমতাবানেরাই বসিয়েছেন এসব করাতকল। ফলে আমরা চাইলেও এসব বন্ধ করতে পারি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বনাঞ্চলের বাইরে থাকা করাতগুলোও বেশির ভাগ অবৈধ। এসব করাতকলের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।