ফটিকছড়িতে সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয় ও কলেজ নেই। ফলে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১৩৩টি সরকারি প্রাথমিক, ৫৭টি বেসরকারি প্রাথমিক, ১৬টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি কিন্ডারগার্টেন, ৩২টি মাদ্রাসা, ৫৬টি মাধ্যমিক, তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি বেসরকারি কলেজ ও একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। কিন্তু উপজেলায় কোনো সরকারি কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় নেই।স্থানীয় অভিভাবকদের অভিযোগ, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশেরই পূর্ণাঙ্গ অবকাঠামো নেই। রয়েছে শিক্ষাউপকরণ ও শিক্ষকসংকট। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন পাঠদান করতে পারছে না। তারপরও এসব প্র্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা।উপজেলার প্রবেশদ্বার দৌলতপুর গ্রামের বাসিন্দা ও নাজিরহাট ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুস শুক্কুর বলেন, ‘উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ না থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। সরকারি প্রতিষ্ঠান থাকলে এমনটি হতো না।’ নারায়ণহাট গ্রামের বাসিন্দা মো. গোলাম সরওয়ার জানান, ‘বেশির ভাগ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাস না করেই পরীক্ষা দিচ্ছে। আবার কিছু কিছু বিদ্যালয়ে নামমাত্র ব্যবহারিক ক্লাস হয়েছে। ফলে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়।’ কয়েকজন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি মাস (এপ্রিল) থেকে পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু তাঁদের প্রয়োজনীয় ব্যবহারিক ক্লাস নেওয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আশির দশকে রাজনৈতিক বিবেচনায় দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু প্রতিষ্ঠানকে সরকারি করা হয়। সে সময় এ উপজেলার উল্লেখযোগ্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়নি।’ তিনি ফটিকছড়িতে অন্তত একটি কলেজ ও একটি বিদ্যালয়কে সরকারি করার দাবি জানান।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তীও অন্তত একটি বিদ্যালয় ও কলেজ সরকারি করার দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা উন্নত লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, উপজেলা সদর বালিকা বিদ্যালয়টিকে সরকারি করার জন্য একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।