ফটিকছড়িতে সড়ক দখল করে অটোরিকশা স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের হেঁয়াকো বাজার এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড। ফলে যানজটে নাকাল হতে হচ্ছে পথচারী ও যাতায়াতকারীদের। অবৈধ এই অটোরিকশা স্ট্যান্ডের কারণে এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়লেও ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানান, ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সাড়ে ছয় লাখ মানুষ চট্টগ্রাম শহরে যাতায়াত করে। এ ছাড়া ফেনী ও খাগড়াছড়ি থেকেও অনেক যানবাহন এই সড়ক দিয়ে ফটিকছড়িতে ঢোকে। কিন্তু সড়কের ওপর অবৈধ অটোরিকশা স্ট্যান্ড থাকায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের শিক্ষক শ্যামল রুদ্র বলেন, ‘সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা অটোরিকশার কারণে দুটি যানবাহনের পাশাপাশি চলাচলের জায়গা থাকে না। এ অবস্থায় বাস বা ট্রাক ঢুকলে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। তখন সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।’

সিএনজিচালিত অটোরিকশা চালক মো. শওকত উল্লাহ বলেন, ‘সড়কে অটোরিকশা রাখার কারণে যানজট হচ্ছে—এটা ঠিক। তবে কোনো বৈধ স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে সড়কে গাড়ি পার্ক করতে হচ্ছে।’

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় ২০০ ফুট দীর্ঘ এলাকা দখল করে সিএনজি চালিত অটোরিকশা পার্ক করে রাখা হয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

হেঁয়াকো সিএনজি অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. আবু তৈয়ব বলেন, ‘পথচারীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে আমরা সেভাবে গাড়িগুলো রাখছি। সিএনজি স্ট্যান্ড করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনেকবার বলেছি। কিন্তু এখনো কোনো উদ্যোগ নিচ্ছে না কেউ।’

এ বিষয়ে দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ‘সড়কে সিএনজি অটোরিকশা না রাখার জন্য চালকদের অনেকবার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভায় একাধিকবার কথাও উঠেছে। তারপরও চালকেরা নিয়ম মানছে না।’

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। কোনো সড়কেই যানবাহন স্ট্যান্ড করার নিয়ম নেই। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কের ওপর গাড়ি পার্ক করা নিষিদ্ধ। শিগরিই হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হবে। ওই এলাকায় একটি পরিকল্পিত অটোরিকশা স্ট্যান্ড করার উদ্যোগ নেওয়া হবে।