ফটিকছড়িতে সড়কের পাশে শতাধিক ঝালাইয়ের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে গড়ে উঠেছে শতাধিক ঝালাইয়ের দোকান। সড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় এসব দোকানে লোহালক্কড়। খোলা অবস্থায় চলে ঝালাইয়ের কাজ। ফলে গাড়ি চলতে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবেশের ক্ষতি করলেও এসব দোকান উচ্ছেদে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
চিকিৎসকেরা জানান, ঝালাই দোকানের অতিবেগুনি রশ্মি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে চোখের ক্ষতি করে বেশি। জানা যায়, এসব ঝালাই দোকানের কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। ইউনিয়ন ও পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেই চলছে।
সরেজমিনে দেখা গেছে, ফটিকছড়ি পৌরসভার প্রধান সড়কের উপজেলা পরিষদ চত্বর, বিবিরহাট, থানার সামনে, বাজার সড়কের ঝংকার মোড়, মেডিকেল সড়কের নাজিরহাট, আজাদী বাজার, কাজীরহাট, তকিরহাট, মাইজভান্ডার, বিনাজুরী, নারায়ণহাট, মীর্জারহাট ও হেঁয়াকো বাজার এলাকায় সড়কের দুই পাশে এসব দোকানের অবস্থান। দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে অনিরাপদ স্থানে। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া এসব দোকানে ঝালাইয়ের কাজ করানো হচ্ছে শিশু-কিশোরদের দিয়ে। কাজ চলছে রাস্তা বা ফুটপাতের ওপর খোলা অবস্থায়।
নাজিরহাট ঝংকার এলাকার একটি ঝালাইয়ের দোকানের মালিক মো. শাহজাহান বলেন, ‘ব্যবসা করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে সেটা আমরা জানি না।’ স্থানীয় লোকজন জানান, এসব সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। এ ছাড়া আশপাশের এলাকার বাসিন্দাদের চলাচল তো রয়েছেই।
উপজেলা সদর বিবিরহাট বাজারের ওষুধ ব্যবসায়ী মো. আলমগীর বলেন, ‘আমার দোকানের পাশেই ঝালাইয়ের দোকান। এ জন্য দোকানে বসলেই ঝালাইয়ের রশ্মি চোখে লাগে। পৌরসভায় অভিযোগ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি।’
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এইচ রাশেদুল আলম বলেন, ঝালাইয়ের কাজের সময় বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মি চোখের ক্ষতি করে। এ রশ্মি চোখের কর্নিয়া নষ্ট করে দিতে পারে। এ জন্য নিরাপদ পরিবেশে ঝালাইয়ের কাজ করা উচিত।
উপজেলা জনস্বাস্থ্য পরিদর্শক মো. মুনিরুজ্জামান জানান, ঝালাইয়ের দোকান করতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগে। কিন্তু একটি দোকানও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেয়নি। একজনের দেখাদেখি অন্যজন্য দোকান করছেন। পৌর এলাকায় মৌখিকভাবে বলা হয়েছে দোকান বন্ধ করার জন্য। কিন্তু কেউ কথা শোনেননি।
এ প্রসঙ্গে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, ব্যাপারটা ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে গড়ে ওঠা এসব ঝালাইয়ের দোকান বন্ধে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।