ফটিকছড়িতে হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলায় প্রতিবছর প্রচুর সবজি উৎপাদন হলেও হিমাগার না থাকায় সংরক্ষণ করতে পারছেন না চাষিরা। এ কারণে উৎপাদিত সবজির এক-তৃতীয়াংশ নষ্ট হয়ে যাচ্ছে; পাশাপাশি কম দামে সবজি বিক্রি করে লোকসান গুনছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রবি মৌসুমে এক হাজার ৫৬০ হেক্টর ও গ্রীষ্ম মৌসুমে ৭৪০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে আলু, মিষ্টি আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, লাউ, শিম, লালশাক, পালংশাক, করলা, শসা, ক্ষীরা, বরবটি, গাজর, ধনিয়া, চালকুমড়াসহ নানা রকম সবজি উৎপাদিত হয়। প্রতি হেক্টরে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ টন। সে হিসাবে এ বছর ১৫ হাজার ৩০০ মেট্রিক টন সবজি উৎপাদিত হবে। তবে হিমাগার না থাকায় এই সবজির এক-তৃতীয়াংশই নষ্ট হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
সুন্দরপুর গ্রামের কৃষক শহীদ উদ্দিন বলেন, ‘সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও ফটিকছড়ি উপজেলায় সবজির উৎপাদন বেশি হয়। এর ফলে আমাদের কম দামে সবজি বিক্রি করে দিতে হয়। হিমাগার থাকলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।’
আবদুল্লাহপুর গ্রামের আলুচাষি আলী আকবর বলেন, ‘চলতি বছর পাঁচ কানি (২০০ শতক) জমিতে আলু চাষ করেছি। প্রতি কানিতে ১৮-২০ মণ আলু পাওয়া যায়। কিন্তু সেগুলো সংরক্ষণের সুযোগ না থাকায় প্রতি কেজি ১০-১২ টাকা দামে জমিতেই বিক্রি করে দিতে হচ্ছে।’
দৌলতপুর গ্রামের ফুলকপিচাষি মো. মুন্সি মিয়া বলেন, ‘হিমাগার থাকলে সবজিগুলো সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করা যেত। বাজারে ফুলকপির কেজি ৩০ টাকা হলেও আমরা ১০-১৫ টাকা দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
হারুয়ালছড়ি গ্রামে তিন কানি (১২০ শতক) জমিতে সবজি চাষ করেছেন আবদুল জলিল। তিনি বলেন, ‘এবার বাম্পার ফলন হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় উৎপাদিত সবজিগুলো যথাসময়ে বাজারজাত করতে পারিনি। এতে খেতের এক-তৃতীয়াংশ সবজি জমিতেই নষ্ট হয়ে গেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, উপজেলায় কোনো হিমাগার নেই। হিমাগারের অভাবে এলাকার উৎপাদিত সবজিগুলো সংরক্ষণ করা যায় না। এগুলো সংরক্ষণ করা গেলে এলাকার কৃষকেরা লাভবান হতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, এ এলাকায় হিমাগার খুবই প্রয়োজন। হিমাগার নির্মাণের জন্য তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। এলাকার বিত্তশালীদের কেউ উদ্যোগ নিলে তিনি প্রশাসনিক সহযোগিতা দেবেন বলে জানান।
ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, সরকার উন্নয়নে বিশ্বাস করে। খুব শিগগির এখানে হিমাগার স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।