ফটিকছড়িতে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাগার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিই এই কারণে যে, এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়; প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’কথাগুলো বলেছিলেন প্রমথ চৌধুরী তাঁর ‘বই পড়া’ প্রবন্ধে। কিন্তু ফটিকছড়ি উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাগার নেই। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করে তুলতে পারছে না। একই কারণে শিক্ষকদের পাঠ অনুশীলন কার্যক্রম ব্যাহত হচ্ছে।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৬০টি মাধ্যমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৫৭টি এমপিওভুক্ত এবং বাকি তিনটি এমপিওভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। উপজেলা সদরের ফটিকছড়ি বালিকা উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি করোনেশন উচ্চবিদ্যালয়, নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়, নাজিরহাট আদর্শ উচ্চবিদ্যালয়, দৌলতপুর এবিসি উচ্চবিদ্যালয়, নানুপুর বালিকা উচ্চবিদ্যালয়, নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়সহ ৩০টি উচ্চবিদ্যালয়ে পাঠাগার চালু রয়েছে। তবে তা-ও খুব ছোট পরিসরে সীমিতসংখ্যক বই নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠার সময় কাগজে-কলমে পাঠাগারের কথা উল্লেখ থাকলেও বিদ্যালয় প্রতিষ্ঠার পর এ ব্যাপারে বিদ্যালয়ের কর্তৃপক্ষ আগ্রহ দেখায় না। কিছু বিদ্যালয়ে কেবল নামেই পাঠাগার রয়েছে, বই রাখার জন্য নেই পর্যাপ্ত আলমারি কিংবা র‌্যাক। কোনো কোনো বিদ্যালয়ে আলমারি ও র‌্যাক থাকলেও নেই প্রয়োজনীয় বই।আজিমনগর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৮ সালে। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২৬১ জন। কিন্তু এ বিদ্যালয়ে এখনো একটি পূর্ণাঙ্গ পাঠাগার গড়ে ওঠেনি। বিদ্যালয়ের কার্যালয় কক্ষের একটি আলমারিতে কিছু বই থাকলেও সেগুলো শিক্ষার্থীদের তেমন কাজে আসে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, ‘কক্ষ-সংকটের কারণে পাঠাগার চালু করা যাচ্ছে না। কক্ষ-সংকট দূর হলে পাঠাগার স্থাপন করা হবে।’ নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক তৌহিদুল আলম বলেন, শিক্ষকদের জ্ঞান ও পাঠচর্চার জন্যও পাঠাগার প্রয়োজন। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক শিক্ষা অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দৌলতপুর এবিসি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আনাম বলে, ‘ভালো উত্তর তৈরি করতে একাধিক সহায়ক বই দরকার। কিন্তু আমাদের বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই, যা আছে তা-ও পড়া যায় না পাঠাগার বন্ধ থাকায়।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, গ্রন্থাগারিক না থাকায় পাঠাগার খোলা হয় না। নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক সৈয়দ তারেকুল আনোয়ার বলেন, ‘মানসম্পন্ন বইসমৃদ্ধ পাঠাগারের অভাবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার ভিত্তি গঠনে পিছিয়ে পড়ছে। ফলে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না।’ রোসাংগিরী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, এখনকার শিক্ষকেরা পরীক্ষায় পাসের জন্য যতটুকু দরকার ততটুকুই পাঠদান করান। এর বাইরে যেতে তাঁদের অনীহা দেখা যায়। অভিভাবকেরাও মনে করেন, বিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যপুস্তকই সন্তানদের মানুষ হওয়ার পক্ষে যথেষ্ট। এ কারণেই বিদ্যালয়গুলো পাঠাগার স্থাপনে পিছিয়ে পড়ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলনাথ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার কিছু মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাগার গড়ে ওঠেনি, তবে পূর্ণাঙ্গ পাঠাগার স্থাপনের জন্য আমি চেষ্টা করব। যেখানে গ্রন্থাগারিক নেই, সেখানে গ্রন্থাগারিক নিয়োগের উদ্যোগ নেব।’