ফটিকছড়ির কৃষকদের পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খালগুলো ভরাট হয়ে গেছে। কোথাও পানি মিলছে না। নেই কোনো সেচযন্ত্রও। সরকার যদি আমাদের পানির ব্যবস্থা করে দিত, তাহলে বর্তমানের চেয়ে কয়েক গুণ বেশি ফসল আমরা ফলাতে পারতাম।’

বালতি করে প্রায় ৫০০ ফুট দূরের ডোবা থেকে বালতিতে করে আনা পানি তরমুজখেতে দিতে দিতে কথাগুলো বলছিলেন ফটিকছড়ি উপজেলার হালদার চরের কৃষক মুহাম্মদ সাহাব উদ্দিন।

সাহাব উদ্দিনের মতো উপজেলার তিন শতাধিক তরমুজচাষির অন্যতম কষ্ট খেতে পানি সেচ দেওয়া। দূর থেকে বালতি কাঁধে বয়ে পানি আনতে তাঁদের সীমাহীন দুর্ভোগ পাহাতে হয়।

একই এলাকার কৃষক জসিম উদ্দিন বলেন, স্থানীয় খালগুলোতে পানি থাকলে সেচযন্ত্র দিয়ে পানি সেচ করা যেত। সরকার খালগুলো খননের ব্যবস্থা করলেও কৃষকদের উপকার হতো।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ফটিকছড়িতে এবার ৪৫ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ১০ হেক্টর বেশি। উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক কৃষক তরমুজ চাষ করেন। এর মধ্যে হালদার চরের তরমুজচাষির সংখ্যা দুই শতাধিক। কিছু তরমুজগাছে ইতিমধ্যে ফুল এসেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ সময় তরমুজগাছে সেচ দেওয়া জরুরি। কিন্তু খালে পানি না থাকায় কৃষকেরা খেত থেকে ৫০০ থেকে ৬০০ ফুট দূরের ডোবা কিংবা খালের তলার গর্তে পানি জমিয়ে তা বালতি করে এনে খেতে দিচ্ছেন।

উত্তর রোসাংগিরি গ্রামের কৃষক আবুল কালাম বলেন, বছরের পর বছর ধরে তরমুজ চাষ করলেও কৃষি বিভাগের কেউ কখনো ভালো-মন্দ জানতেও আসেন না; শুধু আসেন কীটনাশক কোম্পানির লোকজন।

উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ সেচ-সমস্যার কথা স্বীকার করেন। তবে কৃষকদের কাছে না যাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা হয়তো সব এলাকায় সময়মতো পৌঁছাতে পারেন না। কিন্তু কোনো এলাকাই তাঁদের নজরের বাইরে নয়।

সেচসংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, খাল সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাউবো সূত্র জানায়, সেচ-সমস্যা দূর করতে ধুরুং এবং তেলপারই খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষকেরা সেচসুবিধা পাবেন। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন পাউবোর চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান। ধুরুং খালের সংস্কারকাজ শেষ হলে বিস্তীর্ণ এলাকার কৃষকেরা সেচসুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।