ফটিকছড়ির জেলে পরিবারগুলোতে চলছে দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার প্রায় আট শ জেলে পরিবারে চলছে চরম দুর্দিন। বর্তমানে বিভিন্ন নদী, খাল ও পুকুর-ডোবায় পানি না থাকায় জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে গেছে। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট জেলে পরিবারগুলোর প্রায় পাঁচ হাজার সদস্যের দিন কাটছে অর্ধাহার-অনাহারে।উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলার বুক চিরে বয়ে যাওয়া হালদা নদী ও সর্তা খাল এক সময় পানিতে ভরপুর থাকত। স্থানীয় জেলেদের আয়-রোজগারের প্রধান ভরসা ছিল হালদা ও সর্তা। এ ছাড়া, উপজেলায় রয়েছে আরও ছয় হাজার ৪৫২টি পুকুর ও ২৩টি ছোট খাল। কিন্তু দিন দিন নাব্যতা কমে যাওয়ায় নদী ও খালে পানিপ্রবাহ কমে গেছে। চলতি শুষ্ক মৌসুমে হালদা ও সর্তায় পানি অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি শুকিয়ে গেছে। পানিশূন্য হয়ে পড়েছে অধিকাংশ পুকুরও। এ অবস্থায় মাছ ধরতে না পারায় জেলেরা পড়েছেন মহা বেকায়দায়। কেউ কেউ পেশা ছেড়ে জড়িয়ে পড়ছেন অন্য পেশায়। সুন্দরপুর গ্রামের হালদা পাড়ের বাসিন্দা জেলে মো. আবুল হাসেম (৪০) বলেন, ‘এবার আমাদের খুব কষ্ট হচ্ছে। কোনো খাল-বিল এমনকি হালদায় পর্যন্ত পানি নেই। তাই বেকার দিন কাটাতে বাধ্য হচ্ছি। আমাদের এমন অভিজ্ঞতাও নেই যে, অন্যকিছু করে সংসার চালাব।’উপজেলা সদরের ধুরুং গ্রামের জেলে মো. শাহজাহান বলেন, ‘বর্তমানে বিভিন্ন নদী, খাল ও নদীতে এমনকি পুকুরেও পানি নেই। ফলে মাছ ধরার সুযোগও নেই। কিন্তু পেট তো আর মানে না। সন্তানদের কথা চিন্তা করে শহর থেকে বরফের মাছ এনে গ্রামে বিক্রি করছি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে জানান, হালদা ও সর্তাসহ খাল-বিলে পানি না থাকায় জেলেরা কোথাও মাছ শিকার করতে পারছেন না। এজন্য তাঁদের জীবন-জীবিকার পথ রুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প কর্মসংস্থান না থাকায় তাঁদের মধ্যে বেকারের সংখ্যা বাড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, ‘জেলেদের বেকারত্বের বিষয়টি লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’