ফটিকছড়ির ভূজপুর ও আবদুল্লাহপুর ইউপি নির্বাচন ১৬ এপ্রিল
ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ এপ্রিল এই দুই ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। ৮ মার্চ এ–সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে (২৩ এপ্রিল) ফটিকছড়ি উপজেলার ১৪ ইউপিতে নির্বাচন হওয়ার এক দিন আগে হাইকোর্টের এক আদেশে ভূজপুর ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এই ইউনিয়নের কৈয়া পুকিয়া মৌজা নিয়ে পার্শ্ববর্তী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সঙ্গে সীমানা বিরোধ নিয়ে নির্বাচন বন্ধে ৩ এপ্রিল ভূজপুর ইউপি সদস্য আবদুল হামিদ উচ্চ আদালতে রিট করেন। ২০ এপ্রিল বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ এখানে তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন। ২১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ভূজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ নির্বাচন বন্ধের গণবিজ্ঞপ্তি জারি করেন।
একই বছরের ১৩ জুন আবদুল হামিদের করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জাফর আহমদের বেঞ্চ এই আদেশ দেন।
অপর দিকে গত ১১ জানুয়ারি উপজেলার আবদুল্লাহপুর ইউপির চেয়ারম্যান মো. হোসেন আলী তালুকদার মৃত্যুবরণ করেন। তিনি ২০১১ সালে ও ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তখন ওই ইউপিতে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ইউপি সদস্য আবু তৈয়বকে।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে গতকাল ১১ মার্চ থেকে। জমা দেওয়ার শেষ সময় ২০ মার্চ। যাচাই–বাছাই ২১ মার্চ ও প্রত্যাহার ২৮ মার্চ।
তবে ভূজপুর ইউনিয়নের ক্ষেত্রে যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। কারণ, ভূজপুর ইউনিয়নের নির্বাচন নির্ধারিত তারিখের এক দিন আগে স্থগিত করা হয়। সেখানে মনোনয়নপত্র দাখিল, বাতিল ও প্রত্যাহার সবকিছু সম্পন্ন হয়। এ জন্য এখন আর নতুন করে কিছু করতে হবে না।
মো. শামসুল ইসলাম বলেন, ‘রিটার্নিং অফিসার নিয়োগের ব্যাপারে জেলা নির্বাচন অফিস যা নির্দেশ দেবে, আমরা তা বাস্তবায়ন করব।’