ফটিকছড়ির ১৩ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
ফটিকছড়ির এমপিওভুক্ত ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতেই প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানো হচ্ছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর জরুরি বিজ্ঞপ্তি জারি, বিল ভাউচার ও শিক্ষকদের বেতন-ভাতা অনুমোদন, ব্যংকিং লেনদেন, ছুটি তদারকি, ভৌত অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং ক্রয় কমিটির সিদ্ধান্ত প্রক্রিয়াসহ স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মূলত অবসরজনিত কারণে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের পদ শূন্য হয়েছে। এর মধ্যে তিন-চার বছরেরও বেশি সময় ধরে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় নানা রকম প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। জানা গেছে, ভুজপুর ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে চার বছর। এখানে এখনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদরঞ্জন তালুকদার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম হারুন বলেন, ‘বিদ্যালয়ের স্বার্থে এখনো তাঁকে এ পদে বহাল রাখা হয়েছে।’ একই অবস্থা চলছে জাফতনগর জাহানারা মমতাজ উচ্চবিদ্যালয় ও লতিফুর রহমান উচ্চবিদ্যালয়ে। লতিফুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ বলেন, ‘নতুন শিক্ষক নিয়োগ না হওয়ায় জনস্বার্থে দায়িত্ব পালন করছি।’ বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নারায়ণহাট উচ্চবিদ্যালয়ে পীযূষ কান্তি চৌধুরী, ফটিকছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ে মো. আবু ইউসুফ, কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয়ে মো. আবদুস সাত্তার, নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ে অসীম কুমার চৌধুরী, নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ে কবির আহমদ, বক্তপুর দায়রা বাড়ি উচ্চবিদ্যালয়ে জসিম উদ্দিন চৌধুরী, ধর্মপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে নুরুল আজিম, জাহানপুর উচ্চবিদ্যালয়ে মো. আবুল বশর, জাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে আবু কায়সার, হাইদচকিয়া উচ্চবিদ্যালয়ে মো. শাহ কামাল ও কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে মো. আনোয়ার হোসেন।কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদ বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় জরুরি বিজ্ঞপ্তি জারি, বিল ভাউচার ও শিক্ষকদের বেতন-ভাতা অনুমোদন, ব্যংকিং লেনদেন, ছুটি তদারকি, অবকাঠামো প্রকল্প বাস্তবায়নসহ স্বাভাবিক কাজ ব্যাহত হয়।’নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. শাহজাহান বলেন, ‘কোনো কোনো বিদ্যালয়ে অযোগ্য লোক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে দ্রুত এসব বিদ্যালয়ে যোগ্যতাসম্পন্ন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।’নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী জানান, তিনি দুই বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, সরকারি নীতিমালা অনুযায়ী জনবল কাঠামো নিয়ে সমস্যা থাকায় প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাঁর দাবি, তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রধান শিক্ষকের অভাবজনিত কোনো সমস্যা হচ্ছে না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের পদগুলো জরুরিভিত্তিতে পূরণ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের কার্যালয় থেকে তাগিদ দেওয়াসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও নানা জটিলতায় পদগুলো পূরণ করা সম্ভব হয়নি। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, ‘পদগুলো পূরণের প্রয়োজনের বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাসিক সভায় জানানো হয়েছে।’