ফটিকছড়ির ৫০ গ্রামে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ৫০ গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি। ভুক্তভোগী জনগণ জীবনযাত্রার মান উন্নয়নে এলাকায় দ্রুত বিদ্যুতায়নের দাবি জানিয়েছেন।অনুসন্ধানে জানা যায়, বাগানবাজার ইউনিয়নের আঁধারমানিক, রসুলপুর, মোহাম্মদপুর, হাতির খেদা, আনসার টিলা, মতিননগর, উত্তর-দক্ষিণ ফানুয়া, ভবানীপুর, রহমতপুর, গজারীয়া, দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া, মজিবনগর, শিকদারখীল, উত্তর বান্দারমারা, গিলাতী, এনায়েতপুর, ইসলামপুর, মুসলিমপুর, নতুনপাড়া, ধুলিয়াছড়ি, করইবাগান, বেডবেডি, ধর্মপুর, কাঞ্চনারথলী এবং নারায়ণহাট ইউনিয়নের সাপমারা, মীরের খীল, শ্বেতছড়া, করলিয়া, হাপানীয়া, কুলালপাড়া, ধামারখীল ও চানপুরসহ ৫০ গ্রামে এখনো বিদ্যুৎ যায়নি। স্বাধীনতার পর পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে বিদ্যুতায়ন হয়েছে। অথচ এসব গ্রামের মানুষ এখনো অন্ধকারে বাস করছেন। বছরের পর বছর স্থানীয় ও উপজেলার জনপ্রতিনিধি এবং বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন করেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি। দাঁতমারা ইউনিয়নের মো. ইউনুছ, রাকিবুল হাসান ও মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পরে তাঁদের আর দেখা যায় না।নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহিম বলেন, ‘আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিন হাজার মানুষ বিদ্যুৎ বঞ্চিত। বৃহত্তর এই এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য পল্লি বিদ্যুতের দপ্তরে আবেদন জানানো হয়েছে বহু আগে। দ্রুত বিদ্যুতায়ন হলে ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডে গতি আসবে।’দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান হাবিব আহমদ বলেন, তাঁর ইউনিয়নে পাঁচ হাজার মানুষ বিদ্যুৎ পায় না রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার ফলে এসব এলাকায় বিদ্যুতায়ন হচ্ছে না। খুব শিগগিরই যাতে এসব এলাকায় বিদ্যুৎসংযোগ দেওয়া যায় সে ব্যাপারে জোর দেওয়া হবে।উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ আল-কাদেরি বলেন, দুর্গম এসব এলাকায় জনবসতি দিন দিন বাড়ছে। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কলকারখানা স্থাপনে এখানে বিদ্যুৎ দরকার। পল্লি বিদ্যুতের বিভিন্ন দপ্তরে এসব বিষয়ে বলা হয়েছে। এ বিষয়ে পল্লি বিদ্যুতের ফটিকছড়ি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘ওইসব অঞ্চলে বিদ্যুৎসংযোগ দেওয়ার পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে। দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগের কাজ বন্ধ থাকায় এতদিন তা হয়নি। শিগগির এসব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা হবে।’