ফতেয়াবাদে ওয়াসার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর ফতেয়াবাদে ওয়াসা অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৯ আগস্ট ওয়াসার ম্যাজিস্ট্রেট গাজী মোহাম্মদ হাসানের নেতৃত্বে অভিযানে বালুরটাল এলাকায় গড়ে ওঠা নতুন একটি স্থাপনা উচ্ছেদ করা হয়।ম্যাজিস্ট্রেট গাজী মোহাম্মদ হাসান বলেন, ‘সেখানকার অবৈধ স্থাপনার তালিকা আমাদের হাতে রয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করা হবে।’ওয়াসার ভূ-সম্পত্তি কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, ফতেয়াবাদে ওয়াসার জায়গায় ছয় থেকে সাতটি অবৈধ স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি মৎস্য খামার, দুটি নার্সারি, একটি মুরগির খামারও রয়েছে। তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা প্রশ্ন তুলেছেন। ভূমি-মালিক কাজী এনামুল হক বলেন, ‘এই জায়গা ফেরত দেওয়ার বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এই অবস্থায় উচ্ছেদ অভিযান কীভাবে পরিচালিত হলো?’ ক্ষতিগ্রস্ত আরেক ভূমি-মালিক আলী আজগর চৌধূরী বলেন, ‘ভূমি-মালিকদের সম্পূর্ণ ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আলোচ্য প্রকল্পটিও গত ৪৮ বছরে বাস্তবায়ন করেনি ওয়াসা।’এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট গাজী মোহাম্মদ হাসান বলেন, ‘উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় ভূমি-মালিকদের আপত্তি থাকলে তাঁরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করে নিতে পারেন।’