ফতেয়াবাদে ওয়াসার ৭৫ একর জমি বেদখল
হাটহাজারীর ফতেয়াবাদে ৫০ বছর ধরে ৭৫ একর সরকারি জমি বেদখল অবস্থায় পড়ে আছে। ১৯৬২ সালে চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন এই জমি অধিগ্রহণ করে। বর্তমানে পুরো জমি ওয়াসার দখলে নেই বলে জানা গেছে। ওয়াসা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের আপত্তি ছিল দীর্ঘদিন থেকে। ফলে প্রকল্পটি বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। অবশ্য ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন।’ এদিকে, ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা জানান, জেলা প্রশাসন ওয়াসার জন্য জমি অধিগ্রহণ করলেও তা তাদের (ওয়াসার) দখলে নেই। ভূমির মালিকদের একজন কাজী এনামুল হক বলেন, ‘১৯৬২ সালে জেলা প্রশাসন ওয়াসার নামে এই জমি অধিগ্রহণ করলেও এখনো গেজেট বিজ্ঞপ্তি হয়নি। অধিকাংশ ভূমির মালিককে ন্যায্য ক্ষতিপূরণও এ পর্যন্ত দেওয়া হয়নি।’এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১৯৯৮ সালে এ জমি ফেরত চেয়ে উচ্চ আদালতে আমরা রিট করেছি। ২০০১ সালে ওই মামলার রায় হয়। কিন্তু এ রায়ে আমরা সন্তুষ্ট হতে না পেরে সুপ্রিম কোর্টে আপিল করেছি। এটি এখন বিচারাধীন।’ জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৬২ সালে চিকনদণ্ডী মৌজার ২৫ এবং দক্ষিণ পাহাড়তলী মৌজার ৫০ একর মোট ৭৫ একর জমি অধিগ্রহণ করে তৎকালীন জেলা প্রশাসন। তবে মোট জমির অর্ধেক ওয়াসার বিপরীতে বিএস খতিয়ানভুক্ত হয়নি। বাকি সম্পত্তি প্রকৃত ভূমি মালিকদের নামে বিএস খতিয়ানভুক্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমির মালিক স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান বলেন, ‘আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে ২০০১ সালে ওয়াসা ‘‘থার্ড ইন্টেরিয়েম ওয়াটার প্রজেক্ট’’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায়। কিন্তু এলাকাবাসী ও ভূমির মালিকদের বাধার কারণে সে প্রকল্প বাস্তবায়ন হয়নি।’ প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের বাধা দেওয়ার কথা স্বীকার করেন ওয়াসার চেয়ারম্যান। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। ওয়াসার সদস্য প্রশাসন আবদুল আউয়ালের সঙ্গে কথা বললে তিনিও বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। যোগাযোগ করা হলে ওয়াসার ভূসম্পত্তি কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, ‘ওয়াসার জন্য এই জায়গা অধিগ্রহণ করলেও তা পুরোপুরি আমাদের দখলে নেই। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা উচ্চ আদালতে যে মামলা করেছিলেন, সে মামলার রায় ওয়াসার পক্ষে যাওয়ায় তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করেছেন। তা এখন বিচারাধীন।’ সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমির মালিকেরা নিজ নিজ জায়গা দখলে রেখে এসব জমিতে চাষাবাদ করছেন। কিছু ভূমির মালিক নার্সারি ও দোকানপাটের জন্য জমি ভাড়া দিয়েছেন। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১৯৬৬ সালে ওয়াসার নির্মাণ করা বিশাল গুদামটিও। স্থানীয় বাসিন্দারা জানান, এ গুদামে প্রায় সময় মাদকসেবী ও অপরাধীদের আড্ডা বসে। গুদামের ভেতর ঢুকে দেখা যায়, এটি গুদাম নয়, যেন গণশৌচাগার। এই গুদামের পাশেই রয়েছে একটি বালিকা উচ্চবিদ্যালয়, মসজিদ ও কবরস্থান। স্থানীয় শ্রমিকনেতা আলী নেওয়াজ বলেন, ‘গুদামটি যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় একদিকে কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। অন্যদিকে মাদকসেবীদের আড্ডায় পরিণত হওয়ায় হুমকির মুখে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও।’ ক্ষতিগ্রস্ত ভূমির মালিক সাবেক উপসচিব মোহাম্মদ ইছমাইল বলেন, ‘ওয়াসা হয় প্রকল্প বাস্তবায়ন করুক, না হয় ভূমির মালিকদের জমি ফেরত দিক।’ একাধিক ভূমির মালিক জানান, ওয়াসাকে ফতেয়াবাদে কোনো প্রকল্প আগামী দিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্থানীয় প্রবীণ ব্যক্তি মোহাম্মদ ইছাক বলেন, ‘যে ধরনের প্রকল্পের জন্য সরকার ১৯৬২ সালে এই জমি অধিগ্রহণ করেছিল, তা নগরের মোহরা এলাকায় বাস্তবায়িত হয়েছে। সুতরাং এ জমি প্রকৃত মালিকদের ফেরত দিতে হবে।’