ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি রবীন্দ্রনাথের প্রায় গল্পেই ফরমালিন দেওয়া। আমার এ কথা শুনে আমার দুই বন্ধু ভ্রু কুঁচকে তাকায়। আমি ভাবলাম ফিক করে হেসে দেবে, কিন্তু হাসল না। সম্ভবত হাসিতে অনেক খরচ। তাই হাসেনি। উল্টো আমাকে প্রশ্ন করল, কী রকম? বলি, আমার দাদা রবীন্দ্রনাথের গল্প পড়ে যেমন মজা পেয়েছেন আমিও পড়ে তেমনি মজা পাই। আমার বাবা পড়েও ঠিক একই রকম রস আস্বাদন করেছেন। তাহলে তো আমি তাকে ফরমালিন দেওয়া গল্পই বলব, নাকি? বন্ধুর পাল্টা প্রশ্ন, তার মানে তুই মাছ, মাংস, ফলমূলের সঙ্গে রবীন্দ্রনাথের গল্প-কবিতার তুলনা করছিস। তুলনা করলাম কই? আঙুরে যেমন ফরমালিন দিলে আর পচে না বা বোঁটা থেকে ঝরে পড়ে না, ঠিক তেমনি রবীন্দ্রনাথের অনেক রচনাও আসলে পচেনি বা বাসি হয়নি। এখানেই একজন লেখকের কৃতিত্ব। আঙুরের সঙ্গে রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ বা ‘ছুটি’ গল্পের তুলনা করছি না। আমার চুপচাপ বন্ধুটি সামান্য মিটমিট করছিল। বলল, রবীন্দ্রনাথ তো তাহলে ফরমালিন রাইটার। বললাম, অবশ্যই। সে আরও বলে, আমাদের পাড়ায় একটি ভাড়াটে পরিবার আছে। ওই পরিবারের একটি মেয়ে, যার মুখে ফরমালিন দেওয়া। আমি নিজেই এবার প্রশ্ন করে বসি, এর অর্থ কী? সারাক্ষণ হাসে। আর তার বয়স বোঝার কোনো উপায় নেই। নিশ্চয় ফরমালিন দেওয়া চেহারা। পাঁচ বছর আগে যেমন ছিল, আজও তেমনি আছে। অন্য বন্ধু বলল, বুঝেছি, ফরমালিন প্রেম। কেমন? আগেও একপক্ষের প্রেম ছিল। আজও তাই। ও মেয়েটিকে ভালোবাসে, মেয়েটি বাসে না। তার মানে ফরমালিন ভালোবাসা! আমরা এবার তিনজনেই হেসে উঠি। যে বন্ধুটি কম কথা বলে, ওর নাম জুনায়েদ। জুনায়েদ গম্ভীর হয়ে বলে, আমাদের দেশের বিরোধী দলগুলোতেও কিন্তু ফরমালিন দেওয়া আছে। যে দলই বিরোধী দলে থাকে, সে একই রকম আচরণ করে। আলোচ্য অংশটুকু বুঝিয়ে বলতে বলি। বন্ধু বলে, বিরোধী দলে গেলেই হরতাল, হরতাল। মানি না, মানব না।...নইলে গদি ছেড়ে দাও। এটা আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে। অন্য বন্ধুর নাম রাতুল। সে যুক্ত করে, সরকারি দলেও কিন্তু ফরমালিন দেওয়া আছে। এটাও বুঝে নিতে হয়। আমি বলি, আমাদের বন্ধুত্বেও কিন্তু ফরমালিন দেওয়া আছে। স্কুলজীবনে আমরা বন্ধু ছিলাম। কলেজ জীবনেও তাই। এখনো তাই, ভবিষ্যতেও থাকব। জুনায়েদ বলে, তা তো থাকবই। রাতুলও মাথা ঝাঁকায়। সে গম্ভীরভাবে বলে, ফরমালিন তো আর খারাপ না। কোথায় প্রয়োগ হবে, সেটা দেখার বিষয়। লাশে ফরমালিন ভালো। কিন্তু খাদ্যে ফরমালিন দিয়ে তাজা মানুষকে লাশ বানিয়ে ফেলাকে তো আর মেনে নেওয়া যায় না। চল, আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামি। যে আন্দোলন হবে ফরমালিন দেওয়া।