কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা, পর্যটন শহর কক্সবাজারে ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ এবং বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এই সভার আয়োজন করে।
ক্যাব কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, মানব জীবন নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে খাদ্য নিরাপত্তার বিকল্প নেই। বাজারে প্রতিদিন ভেজাল খাদ্য বিক্রি হচ্ছে। ফরমালিনযুক্ত খাবার ও ফলমূল খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। সচেতন করতে হবে ভোক্তাদের। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাটবাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্যাংকার এস এম নাজের হোছাইন, প্রকৌশলী কানন পাল, স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বডুয়া, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।