
ফলে ফরমালিন মিশিয়ে ভেজাল করলে এর জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। দেশে প্রচলিত আইনেই এ বিধান রয়েছে। এ আইনটির নাম হচ্ছে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ । এ আইনের ২৫(গ)-এর ১(ক) এবং ১(খ) ধারায় এ বিধান রয়েছে। এ ধারায় বলা হয়েছে—(ক) যদি কেউ কোনো খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল দিয়ে তা ভক্ষণ বা পান করার অযোগ্য করে এবং তা খাদ্য, পানীয় হিসেবে বিক্রি করতে চায়, অথবা তা খাদ্য বা পানীয় হিসেবে বিক্রি হবে জানা সত্ত্বেও অনুরূপ ভেজাল দেয়; অথবা (খ) কোনো দ্রব্য নষ্ট হয়েছে বা নষ্ট করা হয়েছে বা খাদ্য, পানীয় হিসেবে অযোগ্য হয়েছে জানা সত্ত্বেও বা তদ্রূপ বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ কোনো দ্রব্য বিক্রি করে বা বিক্রির জন্য উপস্থিত করে; তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা চৌদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি জরিমানাদণ্ডে দণ্ডণীয় হবে।
দেশের সর্বোচ্চ আদালত থেকে খাদ্যে ও ফলে ফরমালিন মেশালে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশনাও রয়েছে। এ ধরনের অপরাধের দায়ে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ।
এ ছাড়া এর আগে ২০১১ সালের ২৬ মে একই নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ। তাই এটা নিশ্চিত করে বলা যায়, কোনো খাদ্যে বা ফলমূলে ফরমালিনের মতো রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল করলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হতে কোনো বাধা নেই। এমনকি অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্তও হতে পারে। এ আইনে মামলা হলে এর বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে এবং বিচার হবে সংক্ষিপ্ত সময়ে।
আরও যে আইনে শাস্তি হতে পারে
২০১৩ সালে তৈরি করা হয় নিরাপদ খাদ্য আইন। এ আইনেও ফলে বা যেকোনো খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক কোনো দ্রব্য মেশালে অনূর্ধ্ব পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান করা হয়েছে। এ আইনে বিচারের জন্য পৃথক খাদ্য আদালত গঠন করার কথা বলা হয়েছে। এ ছাড়া এ আইনে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের জন্য প্রতিকার চাওয়ারও সুযোগ রয়েছে। যদিও এ আইনের আওতায় নির্দিষ্ট বিধিমালা এখনো তৈরি করা হয়নি।
এ বছরের ২৬ মে একটি রিটের প্রাথমিক শুনানি শেষে নিরাপদ খাদ্য আইনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়নে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। এর আগে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগ প্রতি জেলায় খাদ্য আদালত স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। যদিও এখন পর্যন্ত এ আদেশ কার্যকর হয়নি।
এ ছাড়া ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও প্রতিকার পাওয়া সম্ভব। এ আইনের আওতায় কোনো ভুক্তভোগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করতে পারেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় ফলে ফরমালিন পেলে দায়ী ব্যক্তিকে তৎক্ষণাৎ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডসহ জরিমানা আরোপ করতে পারে ভ্রাম্যমাণ আদালত।
নতুন আইনের খসড়া চূড়ান্ত:
দেশে বিদ্যমান অন্যান্য আইনের পাশাপাশি ফরমালিন রোধে নির্দিষ্ট আইন করতে যাচ্ছে সরকার।
ফরমালিনের অপব্যবহারের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৪ চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে। এ আইনেও ভ্রাম্যমাণ আদালতকে বিচারের এখতিয়ার দেওয়া হয়েছে, তবে শাস্তির পরিমাণ বেশি হলে মামলা সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর করতে পারবে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট