ফরমালিন শনাক্ত করার উদ্যোগে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে বেশ ঢাকঢোল পিটিয়ে নগরের বাজারগুলোয় ফরমালিন শনাক্তকরণ যন্ত্র বসানোর ঘোষণা দিয়েছিল পুলিশ বিভাগ। এরপর কেবল তিনটি কাঁচাবাজারে যন্ত্র বসানো হয়েছিল। কিন্তু যন্ত্রগুলো কাজ করছে কি না, তা আর তদারকি হয়নি। নগরের বাকি বাজরগুলোয় শনাক্তকরণ যন্ত্র নেই। এ অবস্থায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখার নেতারা অভিযোগ করেছেন, তিনটি বাজারে ফরমালিন শনাক্তকরণের যে যন্ত্র আছে, সেসব সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীরাও এ ব্যাপারে সহযোগিতা করছেন না। এ কারণে ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
এদিকে দুই বছর আগে নগরের প্রতিটি বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল নগর পুলিশ। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। তবে নগরের বাজারগুলোকে ফরমালিনমুক্ত করতে বড় ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগর পুলিশের এক কর্মকর্তা।
নগরে ছোট-বড় অন্তত অর্ধশত কাঁচাবাজার রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে ২১টি। এসব বাজারের মধ্যে কাজীর দেউিড় কাঁচাবাজার, ষোলশহরের কর্ণফুলী কমপ্লেক্স ও চৌমুহনীর সিডিএ কর্ণফুলী বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র স্থাপন করে চট্টগ্রাম নগর পুলিশ। নগর পুলিশের তৎকালীন কমিশনার শফিকুল ইসলাম ২০১২ সালের ৮ নভেম্বর ফরমালিন শনাক্তকরণ যন্ত্র স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ওই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে নগরের প্রতিটি বাজারকে ফরমালিনমুক্ত করা হবে এবং শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হবে।
এদিকে তাঁর ঘোষণার পর পার হয়েছে প্রায় দুই বছর। এই সময়ে নতুন কোনো বাজারে শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়নি। এ ছাড়া মৎস্য অধিদপ্তর নগরের চকবাজার কাঁচাবাজারে ২০১৩ সালের মার্চে শনাক্তকরণ যন্ত্র স্থাপন করেছিল। তবে কিছুদিনের মধ্যে সেটির কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) এ বি এম ফয়জুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে তিনটি বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র রয়েছে। এই যন্ত্র ব্যবহারে ক্রেতাদের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে ঈদ ও পূজার সময় নগরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হয় বলে বুথগুলোর কার্যক্রম বন্ধ রাখতে হয়। এখন আবার কার্যক্রম সচল হয়েছে।
গত শুক্রবার কাজীর দেউড়ি কাঁচাবাজারে দেখা যায়, ক্রেতাদের কয়েকজন তাঁদের কেনা ফলমূলে ফরমালিন রয়েছে কি না, তা শনাক্ত করতে যন্ত্রটি ব্যবহার করছেন। তবে অনেককে তা এড়িয়ে যেতে দেখা যায়। সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্রেতারা বুথ ব্যবহার করতে পারেন।
বাজারের মোহাম্মদ কামাল নামের এক ব্যবসায়ী বলেন, ক্রেতাদের মধ্যে যাঁদের সন্দেহ হয়, তাঁরা শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করেন। আর যাঁদের সন্দেহ হয় না, তাঁরা ব্যবহার করেন না। তবে আগের তুলনায় যন্ত্র ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।
নগরের বাজারগুলোয় ফরমালিন শনাক্তকরণ যন্ত্র স্থাপন প্রসঙ্গে নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ‘নগরের বাজারগুলোয় ফরমালিন বুথ স্থাপনের কাজ শুরু প্রস্তুতি চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাজারগুলোয় বুথের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া অন্যান্য বাজারেও স্থায়ীভাবে বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ক্রেতারা যাতে এসব যন্ত্র স্বাচ্ছন্দে্য ব্যবহার করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। বহদ্দারহাট বাজারের দুই ক্রেতা মইনুল ইসলাম ও আরিফুর রহমান বলেন, বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র নেই। তাই বাধ্য হয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কিনতে হচ্ছে ফলমূল, সবজি ও মাছ।
ক্যাব চট্টগ্রাম শাখার সভাপতি নাজের হোসাইন বলেন, নগরের তিনটি বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র থাকলেও তার ব্যবস্থাপনা ও তদারকি দুর্বল। আবার এসব যন্ত্র তেমন কার্যকর নয় বলে প্রচারণা রয়েছে। ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন না। যন্ত্র স্থাপনের বিষয়টি আইওয়াশ। সব মিলিয়ে নগরের বাজারগুলোয় এ ধরনের যন্ত্র না থাকায় ক্রেতারা পুরোপুরি প্রতারণার শিকার হচ্ছেন।