ফরাসি ছুটির ঘণ্টা!

ফরাসিদের অনায়াস শৈলী, সুমিষ্ট বচন আর সামষ্টিক জাতীয় প্রয়াস নিয়ে আপনি যদি ইতিমধ্যেই তাদের বিষয়ে যথেষ্ট ঈর্ষাকাতর না হয়ে থাকেন, তাহলে জেনে নিন সন্ধ্যা ৬টার পর কাজ করা প্রায় বেআইনি ঘোষণা করেছে ফরাসিরা! কাজ করা তো পরের কথা, ফ্রান্সের নতুন শ্রম চুক্তি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানের বড় কর্তারাই এখন আর সন্ধ্যা ছয়টার পর কোনো কর্মীকে অফিসের কাজে ফোন কিংবা ই-মেইল করতে পারবেন না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান ।
প্রতিষ্ঠানের বড় কর্তারা সন্ধ্যা ছয়টার পরও ফোন দিয়ে বা ই-মেইল করে কর্মীদের ব্যক্তি ও তাঁর পারিবারিক জীবনের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন নানা খাতের কর্মীরা। ফ্রান্সের শ্রমিক ইউনিয়নগুলোও এ নিয়ে আন্দোলন চালিয়ে আসছিল। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, এভাবে কর্মীরা আদতে সপ্তাহে ৩৫ শ্রম-ঘণ্টার চেয়ে অনেক বেশি সময় কাজ করতে বাধ্য হন। ১৯৯৯ সাল থেকে দেশটিতে নানান খাতের কর্মীদের জন্য সপ্তাহে সর্বোচ্চ ৩৫ ঘণ্টা কাজের বিধান চালু করে সরকার।
ফ্রান্সের ‘এমপ্লয়ার্স ফেডারেশন’ বা নিয়োগদাতাদের সংঘ এবং শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিটি কার্যকরের আইনগত বাধ্যবাধকতা আছে। তবে, বিভিন্ন খাতের ১০ লাখেরও বেশি কর্মী এই চুক্তির আওতায় পড়লেও দেশের সব শ্রমিকদের জন্যই তা প্রযোজ্য হচ্ছে না। প্রযুক্তি ও পরামর্শদাতা খাতসমূহের কর্মীরাই মূলত এই চুক্তির আওতায় আসছেন। গুগল, ফেসবুক, ডেলোইটে এবং পিডব্লিউসিসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফরাসি শাখাও এর আওতায় পড়বে।
এই চুক্তির ফলে সন্ধ্যা ছয়টার পর নিজেদের মুঠোফোন বন্ধ করে রাখতে হবে কর্মীদের। পাশাপাশি সন্ধ্যা ছয়টার পর অফিস সংক্রান্ত বিষয়ের খোঁজখবর করা বা ওই জাতীয় কোনো কিছুর জন্য কম্পিউটার বা স্মার্টফোনে নজর বুলান থেকেও বিরত থাকতে বলা হয়েছে কর্মীদের। ছুটির পরের সময়টা ব্যক্তির নিজের জীবনের জন্য ব্যয় করার সুযোগ করে দিতেই এই শ্রম চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন চুক্তি সংশ্লিষ্টরা। এ জন্যই বোধ হয় ফরাসিরা বলতে পারে, ‘লা ডলচে ভিতা!’ বা ‘জীবন আনন্দ বিলাসের!’