ফরাসি জানা দোভাষীদের জন্য কাজ
বাংলাদেশ সেনাবাহিনী ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে। সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন টিমে এসব কাজ করে থাকেন। সেনাবাহিনীর এসব টিম আফ্রিকার বিভিন্ন দেশসহ পৃথিবীর নানা দেশে শান্তি রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। এ ক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যরা নানা অসুবিধার সম্মুখীন হন। এর মধ্যে অন্যতম অসুবিধা হলো ভাষাগত ভিন্নতা। সে ক্ষেত্রে তাঁদের প্রয়োজন হয় দোভাষীর। আন্তবিভাগ জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আক্কাস আলী জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা বাহিনীর সাহায্যের জন্য এ ধরনের দোভাষীর নিয়োগ দেওয়া হয়ে থাকে।’বাংলাদেশ সেনাবাহিনীর কনটিনজেন্ট আইভরি কোস্ট ও কঙ্গোতে শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। সেখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ফরাসি ভাষার দোভাষী নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব শান্তিরক্ষা কার্যক্রমে ফরাসি ভাষার দোভাষী হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। ফরাসি ভাষার দোভাষী হিসেবে মোট ১০ জনকে নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।যোগ্যতা: এই কাজের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। তবে ফরাসি ভাষায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রার্থীদের অবশ্যই ইংরেজি ও ফরাসি ভাষায় দ্রুত লেখা ও কথা বলার ক্ষমতা এবং ফরাসি ও ইংরেজি ভাষা অনুবাদের যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইনস্টিটিউট থেকে ফরাসি ভাষায় ডিপ্লোমা কোর্স পাস থাকলে তিনি এই আবেদনের যোগ্য হবেন। প্রার্থীদের কম্পিউটারের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। আর ফরাসি ভাষার দোভাষী হিসেবে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যদি কোনো প্রার্থী অনর্গল ইংরেজি ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন, তবে তাঁর অভিজ্ঞতা না থাকলেও চলবে।যা করতে হবে: প্রার্থীদের ফরাসি থেকে ইংরেজি, ইংরেজি থেকে ফরাসি, বাংলা থেকে ফরাসি ও ফরাসি থেকে বাংলায় বাক্য-বিনিময়সহ অনুবাদের কাজ করতে হবে। এই কাজের জন্য প্রার্থীদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। বয়স ১৯ ডিসেম্বর ২০১০ অনুযায়ী হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।শারীরিক যোগ্যতাএই কাজের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে শারীরিক যোগ্যতাও থাকতে হবে। প্রার্থীর মাঠপর্যায়ে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। তা ছাড়া প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ডাক্তারি পরীক্ষায় যোগ্য হতে হবে। এ বিষয়ে আক্কাস আলী বলেন, প্রার্থী শারীরিকভাবে যোগ্য না হলে তাঁকে এই পদের জন্য নিয়োগ দেওয়া না-ও হতে পারে।বেতন-ভাতা: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এসব দোভাষীকে প্রতি মাসে দুই হাজার ৮৮ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে। এই ভাতা দেবে ইউএন বা বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ। এই ভাতা মিশনে নিয়োজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবির ভাতার অনুরূপ।আবেদনপ্রক্রিয়া: প্রার্থীরা তাঁদের আবেদনপত্র নিজের হাতে লিখবেন। তা ছাড়া প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট দিতে হবে। এটি অফেরতযোগ্য। আরও বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। আবেদন করতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে।নিয়োগপ্রক্রিয়া: যাঁরা এই চাকরি করতে ইচ্ছুক, তাঁরা ১৯ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্রসহ সকাল নয়টার মধ্যে সেনাকুঞ্জে উপস্থিত হবেন। আর যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন, তবে তিনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হবে।প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।