ফরাসি ভাষা শিখতে হলে
পার্থ পড়ছেন ভাসানী মেডিকেল কলেজের শেষ বর্ষে। ‘সেন্ট যোসেফ স্কুল আর ঢাকা কলেজেই জীবনের ১৬টি বছর কাটিয়ে দিয়েছি। ২০০৭ সালের দিকে, হঠাৎ একদিন ভায়োলিন শিখতে আলিয়ঁস ফ্রঁসেজে ভর্তি হলাম। আলিয়ঁস ফ্রঁসেজে আসা-যাওয়ার মধ্য দিয়ে একদিন হঠাৎ ফরাসি ভাষার কোর্সে ভর্তি হলাম। বর্তমানে ফরাসি ভাষা কোর্সের লেভেল-৩-এ আছি। অবসর সময় ছাড়াও সপ্তাহে চার দিনই এখানে আসা হয়।’ বললেন পার্থ। পার্থর সঙ্গে কথা শেষ না হতেই হাসানের সঙ্গে দেখা। হাসান বললেন, ‘শখের বশেই আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার কোর্সে ভর্তি হওয়া। এখানকার পরিবেশ আমাকে অনেক বেশি টানে। এখানে আফ্রিকান, ইউরোপিয়ান, রাশিয়ান, জার্মানিসহ ভিন্ন অনেক দেশের শিক্ষার্থীই রয়েছেন। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখানে সবচেয়ে ভালো যে ব্যাপারটি তা হলো, ফরাসি ভাষা ছাড়া কেউ এখানে কথাবার্তা বলে না। ফলে অনুশীলনটা খুব ভালো হয়।’ শফিউল আলম এখানকারই আরেক শিক্ষার্থী। তিনি বলেন, ‘দেশে থেকে বিদেশের আবহ পেয়েছি আলিয়ঁস ফ্রঁসেজে। এখানে এসে রোমাঞ্চিত হয়েছি বলা যায়।’আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফে থেকে বের হয়েই একজন শিক্ষকের সঙ্গে দেখা। তাঁর নাম মিজানউদ্দিন। তিনি বলেন, ‘আলিয়ঁস ফ্রঁসেজে ফ্রেঞ্চ কারিকুলাম অনুযায়ী ফরাসি ভাষা শেখানো হয়। এখানে ২০ জন বাঙালি, পাঁচজন ফ্রেঞ্চ ও সেনেগালের শিক্ষক রয়েছেন। বিদেশে নিজ ভাষার বাইরে দু-তিনটি ভাষা শেখানো হয়, কিন্তু বাংলাদেশে ভাষা-সম্পর্কিত খুব একটা ভালো ধারণা অনেকেরই নেই। ইংরেজি শব্দভান্ডার ভালো থাকলে ফরাসি ভাষা শিখতে বেশি সমস্যায় পড়তে হয় না। একাডেমিক পড়াশোনা ও অনুশীলন ভালোভাবে করতে হবে, তবেই এ ভাষা আয়ত্তে আনা সম্ভব।’আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার কোর্স করতে চাইলে নিম্নলিখিত বিষয়গুলো জেনে নিতে পারেন। ছোট-বড় সবার জন্য রয়েছে আলাদা কোর্স। ছোটদের জন্যনয় থেকে ১২ বছর পর্যন্ত ছোটদের ফরাসি কোর্সের ব্যবস্থা আছে। বছরে চারটি সেশন (জানুয়ারি-এপ্রিল-জুলাই-অক্টোবর)। প্রতি সেশন তিন মাসের। প্রতি সেশনের জন্য খরচ পড়বে দুই হাজার টাকা।টিনএজারদের জন্য ১৩ থেকে ১৫ বছর পর্যন্ত টিনএজারদের জন্য ফরাসি কোর্সের ব্যবস্থা আছে। ছোটদের মতো টিনএজারদেরও তিন মাস করে চারটি সেশন আছে। চারটি লেভেল রয়েছে। লেভেল-১-এ খরচ পড়বে তিন হাজার ৫০০ থেকে তিন হাজার ৮০০ টাকা, লেভেল-২-এ তিন হাজার ১০০ থেকে তিন হাজার ৫০০ টাকা, লেভেল-৩-এ দুই হাজার ৭৫০ থেকে তিন হাজার ১০০ টাকা এবং লেভেল-৪-এ দুই হাজার ৩৫০ থেকে দুই হাজার ৭৫০ টাকা। এ ছাড়া স্পেশাল কোর্স ফ্রেঞ্চ কর্নার ফর অ্যাডোস করতে খরচ পড়বে আরও ৯০০ টাকা, সময় তিন মাস। বড়দের জন্যবড়দের জন্য ফরাসি কোর্সে এক্সটেনসিভ ও ইনটেনসিভ দুটি পদ্ধতি আছে। এক্সটেনসিভ কোর্সে চারটি লেভেল রয়েছে। লেভেল-১-এ খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা, লেভেল-২-এ তিন হাজার ৫০০ টাকা, লেভেল-৩-এ চার হাজার ৮০০ টাকা এবং লেভেল-৪-এ চার হাজার ২০০ টাকা। ইনটেনসিভ কোর্সের লেভেল-১, লেভেল-২ ও লেভেল-৩-এ পৃথকভাবে খরচ পড়বে ছয় হাজার ২০০ টাকা। কোর্স মেটেরিয়ালের জন্য রয়েছে আলাদা খরচ। এ ছাড়া স্পেশাল কোর্স ফ্রেঞ্চ কনভারসেশন ও ফ্রেঞ্চ কর্নার ফর অ্যাডাল্টসের জন্য পড়বে ৯০০ টাকা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরাসি কোর্সআলিয়ঁস ফ্রঁসেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষার কোর্স করানো হয়। এখানে এ ভাষার সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি কোর্স করার ব্যবস্থা আছে। এক বছরের জন্য জুনিয়র ও এক বছরের জন্য সিনিয়র কোর্স চালু রয়েছে।ফরাসি ভাষার কদরফ্রান্সে যেতে হলে এখানকার কোর্স করা থাকলে ভালো। কানাডায় যেতে চাইলে ইমিগ্রেশনের ২৪ পয়েন্ট পাওয়া যাবে এ কোর্স করা থাকলে। আন্তর্জাতিক চাকরির বাজারে ইংরেজির সমান্তরালে ফরাসি ভাষারও কদর রয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইউনেসকো, ন্যাটো, অলিম্পিক কমিটি, রেডক্রসসহ বিভিন্ন সংস্থার অন্যতম অফিশিয়াল ভাষা হওয়ায় চাকরির বাজারে এর গুরুত্ব সহজেই বোঝা যায়।যোগাযোগের ঠিকানাঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের তিনটি শাখা রয়েছে। ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫, ফোন: ৮৬১১৫৫৭। হাউস-২, রোড-১, বারিধারা, ঢাকা-১২১২, ফোন: ০১৭১৪০৯৯২৯২। হাউস-১৫, ঈশা খান এভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০, ফোন: ৮৯১৫৪২৯।