ফরাসি সপ্তাহে চট্টগ্রামের শিল্পরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালা বন্ধ স্টিলের খাঁচা। সেখানে পোড়া মাটির ফলকে বাংলা হরফ সাজানো থরে থরে। বাংলা বর্ণমালার এমন বন্দীদশা কী আগ্রাসী ইংরেজি দাপটে? পৃথিবীর সব বর্ণমালাই কী একদিন শক্তিশালী রাষ্ট্রগুলোর ভাষা আর হরফের নিচে হারিয়ে যাবে? ভাষার মাসে এই প্রশ্নই তো উসকে দিলেন শিল্পী মো. আতিকুল ইসলাম।
১৩ ফেব্রুয়ারি ফরাসি সপ্তাহ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেস চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত প্রদর্শনীতে ‘হারিয়ে যাওয়া চাবির অনুসন্ধানে’ শিরোনামে আতিকের এই স্থাপনা শিল্প স্থান পেয়েছিল। প্রদর্শনীতে অংশ নেওয়া ২২ জন শিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক। কিউরেটর ছিলেন শিল্পী প্রণব মিত্র চৌধুরী। ছয় দিনব্যাপী এই প্রদর্শনীতে চট্টগ্রামের শিল্পাঙ্গনের টুকরো ছবিই যেন উঠে এসেছে।
প্রদর্শনীতে ঢোকার সময় দেখা গেল চারকোনা একটি ফ্রেমের ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাদা ও কালো রঙের অনেকগুলো কাগজের নৌকা। নিচের পটভূমি রচনা করা হয়েছে সারি সারি মাটির প্রদীপ দিয়ে। তার ওপর হয়ে শুয়ে আছে একটি নিথর দেহের শিশু। এই দৃশ্য মনে করিয়ে দেয় ভূমধ্যসাগরের সৈকতে পড়ে থাকা শিশু আয়লানের নিথর দেহের কথা। এই মৃত্যু নাড়া দিয়েছে বিশ্বকে। ‘প্রস্থান’ শিরোনামের স্থাপনা শিল্পের মাধ্যমে শিল্পী ফয়েজুল আজিমও দর্শকদের নাড়া দেন।
শিল্পী মনসুর উল করিম দর্শককে লাল ও কালো অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেন। ক্যানভাসে মোটা ব্রাশের স্ট্রোক দিয়ে নিজের সাত বছরের অভিজ্ঞতার বয়ান তুলে ধরেন তিনি। দর্শকের মনে হয় অভিজ্ঞতারও রং আছে, তাই রংই অভিজ্ঞতা। আর শেষ পর্যন্ত স্মৃতিতে স্থায়ী হয় এই রংই।
শিল্পী অলক রায়ের ভাস্কর্যের নাম ‘নরকে পতিত’। একটি কাঠের পাটাতনের ওপরে গ্লেস সিরামিকসে গড়া মুখাবয়বের ওপরে মোমের প্রলেপ। আর মুখটি যেন ধানের গোলা। সেখানে আছে ইঁদুরের উৎপাতও। চিন্তার শষ্য আজ ইঁদুরের খাদ্য। অলক রায়ের ভাস্কর্যেও এই বাস্তবতাই ফুটে উঠেছে।
কেউ ফসল কাটছে আবার কেউ বা ফসল মাড়াইয়ে ব্যস্ত। আরেকজন নৌকা ভর্তি ফসল নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে। গ্রাম-বাংলার কৃষি জীবনের চিত্রকে উজ্জ্বল রঙে ফুটিয়ে তুলেছেন শিল্পী শাহরিয়ার তালুকদার। তাঁর ছবির শিরোনাম ছিল ‘ফসল’।
সব মিলিয়ে জীবন-যাপন ও তাকে ঘিরে জন্ম নেওয়া অনুভূতিমালার বিস্তারই যেন পাওয়া গেল এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে অংশ নেওয়া অন্যান্য শিল্পীরা হলেন মো. জসিম উদ্দীন, নাসিমা মাসুদ, সৌমেন দাশ, কে এম এ কাউয়ূম, প্রণব মিত্র চৌধুরী, সুজিত সরকার, সুফিয়া বেগম ও সুব্রত দাশ।