ফরাসিদের কাছ থেকে যা শেখার আছে

সুখ আর সুস্বাস্থ্যে বাঁচার জন্য দুনিয়ার মানুষ কত কী-ই তো করে। দেশে দেশে নানা সংস্কৃতিতে সুখী সুন্দর জীবনের ধারণাও ভিন্ন। আর জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে রাষ্ট্রীয় বিধিবিধানের পার্থক্য আর সামাজিক আচারের ভিন্নতার প্রভাবও কম নয়। ‘ফরাসিরা সন্ধ্যা ছয়টার পর কাজ করা নিষিদ্ধ করেছে’ বলে সম্প্রতি মার্কিন গণমাধ্যমের ঢালাও প্রচারণার পুরো সত্যতা না মিললেও, ফরাসিরা এমন অনেক কিছুই করেছে, যা থেকে শিখতে পারে পুরো দুনিয়ার মানুষই। ‘হাফিংটন পোস্ট’ সে সম্পর্কে জানিয়েছে।
সপ্তাহটা ৩৫ কর্মঘণ্টার!
সন্ধ্যা ছয়টার পর কোনো কর্মীকে অফিসের বড় কর্তারাও আর ফোন করতে পারবেন না, এমনকি ই-মেইলও করতে পারবেন না। শ্রমিক ইউনিয়নের সঙ্গে নিয়োগদাতা সংঘের এমন শ্রমচুক্তির খবরটা মিথ্যা নয় বটে। তবে, এটা কেবল শ্রমিকদের একটা ছোট্ট অংশের জন্যই প্রযোজ্য। আর যেটা বলা প্রয়োজন তা হলো, এই কর্মিবাহিনীর একটা বড় অংশই এখনো আইনগতভাবেই দৈনিক ১৩ ঘণ্টা কাজ করতে পারে।
আর ফরাসিদের ৩৫ কর্মঘণ্টায় সপ্তাহের হিসাবটা আসলে কেবল বইপত্রেই লেখা! বাস্তবে ফরাসি শ্রমিকেরা আরও বেশি সময়ই কাজ করতে বাধ্য হন বলে প্রতিবেদন ছাপিয়েছে বিবিসি। অবশ্য সেজন্য ওভারটাইমের মজুরিও পান তাঁরা। তবে, সে যা-ই হোক, দুদিন ছুটি আর দৈনিক সাত ঘণ্টা করে ৩৫ কর্মঘণ্টায় এক সপ্তাহ পার করার ধারণা বাস্তবায়নে কাজ করা দরকার দুনিয়ার সব দেশের শ্রমিকদেরই।
একসঙ্গে দুই কাজ নয়
একসঙ্গে দুটো-তিনটে নয়, একটাই কাজে মনোযোগী হতে চায় ফরাসিরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে মুঠোফোনে কথা বলা নিষিদ্ধ করেছেন। যাতে, বৈঠকে কী বলা হচ্ছে, কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে পূর্ণ মনোযোগ থাকে সরকারের মন্ত্রীদের। ফরাসি হই বা না হই, আমাদের বেশির ভাগই হয়তো নিজেদের ‘মাল্টিটাস্কিং’ বা একসঙ্গে দুটো-তিনটা কাজ করতে সক্ষম মনে করে গর্ব বোধ করি! কিন্তু প্রকৃতপক্ষে এই অভ্যাস আমাদের সক্ষমতা কমিয়ে দেয় এবং এটা আমাদের স্মৃতিশক্তির জন্যও ক্ষতিকর হতে পারে।
উচ্চশিক্ষা সামর্থ্যের মধ্যে
ফ্রান্সের বেশির ভাগ বড় বিশ্ববিদ্যালয়ই সরকারি। উচ্চশিক্ষা উন্নয়নে ফরাসি সংস্থার তথ্যানুযায়ী এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের টিউশন ফি বছরে ১৮১ ইউরোর মধ্যে। আর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে তা ৩৮০ ইউরোর মধ্যে। অবশ্য, ব্যবসা ও প্রকৌশল শিক্ষাসহ দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিখ্যাত ‘গ্র্যান্ড ইকোল’ বা ‘বড় বিদ্যালয়গুলোর’ পড়াশোনার খরচ অবশ্য এর চেয়ে অনেক বেশি।
অন্যান্য দেশের সরকারগুলো যেখানে বিগত কয়েক দশকজুড়েই শিক্ষায় সরকারি ব্যয় কমাচ্ছে, সেখানে ফ্রান্স উলটো শিক্ষা খাতে সরকারি ব্যয় বাড়াচ্ছে। ‘টাইম’ সাময়িকীর তথ্যানুযায়ী ২০০৯ থেকে ২০১০ সালে ফ্রান্সে শিক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানো হয়েছে ৫ দশমিক ৩ ভাগ।
তাড়াহুড়ো করে খায় না ফরাসিরা
কাজে যাওয়ার পথে দৌড়ে নাশতা করার জন্য ফ্রান্সের সাবওয়েগুলোতে ‘স্টারবাকস’-এর দোকান নেই। এর অর্থটা পরিষ্কার। খাবারটা বসে ধীরেসুস্থেই খেতে চায় ফরাসিরা। আর ধীরস্থিরভাবে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, তখন আমরা মনোযোগী হয়ে বুঝতে পারি আমরা কী খাচ্ছি। স্বাস্থ্য সচেতন হওয়া এবং খাবারের পুষ্টিমান বিচার করে খাওয়ার জন্য আমাদের সবারই আরও মনোযোগী হওয়া দরকার। আর ফরাসি নৈশভোজ মানে তো আলীশান ব্যাপার-স্যাপার। দীর্ঘ সময় নিয়ে আলাপ-সালাপ করতে করতে খাওয়া, দৌড়ে টেবিলে বসা আর গোগ্রাসে গিলে উঠে পড়া নয়!
ছুটিকে ছুটি হিসেবেই নেয় ফরাসিরা
ফরাসি চাকরিজীবীরা বছরে ৩০ দিনের সবেতন ছুটি পান। আর এই ছুটির হিসাব শুরু হয় নিয়োগের সময় থেকেই। অবশ্য ইউরোপের বেশির ভাগ অংশের মতোই অনেক ফরাসিই এই ছুটির বেশির ভাগই কাটান অগাস্ট মাসের দিকে। আর ফরাসিরা ছুটির সময়টা প্রকৃতই অবকাশ-মানসিকতায় কাটাতে চান। অন্যদিকে, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গড় আমেরিকান কর্মজীবীরা বার্ষিক ছুটির মাত্র ৫১ ভাগ সময় ছুটি নিয়ে থাকেন।
মা-বাবা সন্তান লালনপালনে সময় দিক
ফ্রান্সের শিশুসেবার ব্যাপক অংশই পুরোপুরি সরকারি ব্যয়ে পরিচালিত হয়ে থাকে। এ ছাড়াও বাড়িতে শিশুসেবার নানা বিষয়ে সরকারে যেমন ভর্তুকি আছে, তেমনি বেশি সন্তান নেওয়ার জন্যও সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা আছে। ফরাসি সরকার শিশুদের ‘চাইল্ড কেয়ার সেন্টার’-এ নিবন্ধনের বিষয়েও অত্যন্ত সচেতন এবং এই সেবার মানোন্নয়নেও লাগাতার কাজ করে যাচ্ছে।