চট্টগ্রামে অবস্থানরত বৃহত্তর ফরিদপুরের বাসিন্দাদের মিলনমেলা গত রোববার বিকেলে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। ‘বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ কর্মজীবী সমিতি’ এ মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হওয়া বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় রাজিয়া সুলতানাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আয়োজক সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শাখাওয়াত হোসাইন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।
নৌমন্ত্রী বলেন, ‘ফরিদপুরবাসী মানেই পরিবার। আমি এই পরিবারের একজন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিলনমেলার আহ্বায়ক খায়রুল আলম, সংগঠনের সহসভাপতি সরদার আলী, মহানগর ছাত্রলীগের সহসভাপতি মো. শাহীন মোল্লা প্রমুখ।