ফরিয়াদিকূলবাসীর সেতুর ফরিয়াদ
হাঙ্গর খাল বিচ্ছিন্ন করে রেখেছে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকূল গ্রামটি। বর্ষায় খালের পানি বাড়লে বন্ধ থাকে সদরের সঙ্গে যোগাযোগ। অন্য সময় সদরে আসতে খাল পাড়ি দেওয়ার একমাত্র ভরসা টানা নৌকা। দিনের পর দিন এ কষ্ট সয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। ফরিয়াদিকূলবাসীর ফরিয়াদ এখন হাঙ্গর খালের ওপর একটি সেতু নির্মাণের।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম জানান, হাঙ্গর খালের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১০ হাজার মানুষ। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এ ছাড়া কৃষিপণ্য পরিবহন ও বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদের পারাপারে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। কিছুদিন আগে নৌকা উল্টে দুই শিশুসহ এক গৃহবধূ পানিতে পড়ে যান। পরে দ্রুত স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। সরেজমিনে দেখা যায়, টানা নৌকায় ঝুঁকি নিয়ে খাল পাড়ি দিচ্ছে স্থানীয় লোকজন। এ জন্য জনপ্রতি দুই টাকা করে নেওয়া হয়। ছোট্ট নৌকাটিতে সর্বোচ্চ ছয় থেকে আটজন ওঠা যায়। আবার সবজি কিংবা অন্যান্য মালামাল নিয়ে উঠলে তখন অন্য যাত্রীদের অপেক্ষায় থাকতে হয়। ফরিয়াদিকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সাদেকা বলেন, ‘বর্ষায় শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না। ওই সময় আমি নিজেও ঝুঁকির কথা ভেবে তাদের ছুটি দিয়ে দিই।’ স্থানীয় অভিভাবক মো. রফিক জানান, বর্ষাকালে নৌকা ডুবে যাওয়ার ভয়ে তিনি তাঁর সন্তানদের বিদ্যালয়ে পাঠান না। জানা যায়, ফরিয়াদিকূল উপজেলার শস্যভান্ডার হিসেবে পরিচিত। খালের দুই পাশের জমিতে চাষ হয় করলা, বেগুন, আলু, শসা, মরিচ, লালশাক, বরবটি, আদা, কচুসহ বিভিন্ন ধরনের সবজির। প্রতিবছর ফলনও হয় বেশ ভালো। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন না কৃষকেরা। স্থানীয় কৃষক বদিউল আলম বলেন, ফরিয়াদিকূলবাসীর বড় দুঃখ হাঙ্গর খাল। এই খালের ওপর একটি সেতু নির্মিত হলে কৃষকেরা ন্যায্য দাম পাবেন।উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফরিয়াদিকূল এলাকায় ব্যাপক সবজির চাষ হয়। কিন্তু সেতুর অভাবে কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালের ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, ফরিয়াদিকূলের হাঙ্গর খালের ওপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি স্থান নির্ধারণের জন্য এলাকা পরিদর্শন করেছেন। এখন বরাদ্দ পেলে নির্মাণকাজ শুরু হবে।