ফল আর শরবতে স্বস্তি
শবেবরাতের সন্ধ্যায় অনেকে চান হালকা, পুষ্টিকর কিছু খেতে। মৌসুমি ফলে তৈরি নানা খাবার ও শরবত খেতে পারেন এ সময়। দেখুন নাসরিন আলমের দেওয়া রেসিপিগুলো। ফলাহার উপকরণ: মিষ্টি দই ১ কাপ, আম টুকরা ২ কাপ, ভিজানো নরম চিড়া ২ কাপ।প্রণালি: সার্ভিং ডিশে প্রথমে চিড়া, দই ও ওপরে আম দিয়ে সাজিয়ে পরিবেশন। আমের বদলে পাকা কলা দিয়েও খাওয়া যাবে। পছন্দ করলে চিড়ার ওপর ১ টেবিল-চামচ গুঁড়ো দুধ ছড়িয়ে দই, আম বা কলা দিয়ে পরিবেশন। মিষ্টি দইয়ের বদলে সাদা দই দিয়েও পরিবেশন করা যাবে। আম-ভাত উপকরণ: পাকা আমের টুকরা ১০-১২টি আমের, দুধ ২ লিটার, পোলাওয়ের চাল ৩ মুঠ (ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে নিতে হবে), ২ টুকরা এলাচ, লবণ ১ চিমটি, ২ টুকরা দারচিনি। নোনতা ফিরনি রান্না করে নিতে হবে।প্রণালি: ২ লিটার দুধ, ভেজানো চাল ও লবণ দিয়ে চুলায় বসাতে হবে মাঝারি আঁচে। দুধ ঘন হবে, চালও সেদ্ধ হয়ে ঘন হয়ে যাবে, তখন নামিয়ে বড় বাটিতে ঢেলে বা ছোট ছোট বাটিতে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। পরিবেশনের আগে আম কেটে দিয়ে নোনতা ঠান্ডা ফিরনি দিয়ে খেতে অনেক মজা। ফিরনি রান্না করার সময় দারচিনি বা এলাচি দিতে হবে। দইয়ের শরবত উপকরণ: মিষ্টি দই ১ কাপ, টক দই ১ কাপ, ঠান্ডা পানি ৩ কাপ, বরফ কিউব ১ কাপ, লবণ ১ চিমটি, বিট লবণ আধা চা-চামচ, লেবুপাতা ৫-৬টি, পুদিনাপাতা ৭-৮টি, সরষে গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টি (বিচি ফেলে নেওয়া), চিনি স্বাদমতো (না দিলেও হবে)। প্রণালি: ওপরের সব উপকরণ খুব করে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। মগ বা গ্লাসে ২-৩ টুকরা বরফ নিতে হবে। ওপর থেকে ঠান্ডা শরবত ঢেলে সাজিয়ে পরিবেশন। পাঁচমিশালি সালাদ উপকরণ: পাকা আম ১ কাপ, আপেল টুকরা ১টা, গাজর টুকরা ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), সেদ্ধ আলুর টুকরা ১টা, সেদ্ধ মুরগির টুকরা আধা কাপ অথবা আনারস, শসা টুকরা আধা কাপ, লেবুর রস ৩ টেবিল-চামচ, লবণ, চিনি স্বাদমতো, পানি ঝরানো দই ১ কাপ (টক দই), সাজানোর জন্য গাজর গ্রেট করা ও পুদিনাপাতা অল্প, ডিম সেদ্ধ ২টা।প্রণালি: ওপরের সব উপকরণ দই দিয়ে মেখে সাজিয়ে পরিবেশন। মুরগি না পছন্দ করলে হাতের কাছে যা যা ফল থাকবে দিতে পারেন।দুধের শরবত উপকরণ: দুধ ১ লিটার, জ্বাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চিনি আধা কাপ (স্বাদমতো কমবেশি করা যাবে), কাজু বাদাম বাটা ১৫টি, পেস্তা বাদাম বাটা ১৫টি, কাঠ বাদাম বাটা (আমন্ড) ১৫টি, জাফরান ১ চিমটি (২ টেবিল-চামচ গোলাপ জলে ভেজানো), বরফ ২ কাপ।প্রণালি: ঠান্ডা দুধ, চিনি, বরফ, বাদাম বাটা ও জাফরান দিয়ে খুব করে ব্লেন্ড করে নিতে হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পেস্তা বাদাম কুচি দিয়ে।