ফল চাষের সুফল
ছোটবেলা থেকে ফলের বাগান করার স্বপ্ন দেখতেন শহীদুল ইসলাম (৩০)। নানা জাতের গাছ থাকবে সেই বাগানে আর বিচিত্র ফলে ভরে উঠবে সেই বাগানটি। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন তিনি। তাঁর সাফল্য দেখে এলাকায় অনেকে বাগান তৈরিতে আগ্রহী হয়েছেন। শহীদুলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল এলাকায়। শহীদুলের কর্মজীবন শুরু কাপড়ের ব্যবসা দিয়ে। ব্যবসায় তেমন প্রসার করতে পারেননি। তাঁর মনে শুধু বাগান করার স্বপ্ন। বাড়ির কাছেই তাঁদের নিজস্ব ২০ একর জায়গা পতিত অবস্থায় পড়ে ছিল দীর্ঘদিন। বাবার অনুমতি নিয়ে ২০০২ সালে ফলদ, বনজ, মৎস্য চাষের প্রকল্প হাতে নেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা আর্থিকভাবে সহযোগিতা করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চারা সংগ্রহ করে বাগানে লাগিয়েছেন। আম্রপালি, লিচু, পেয়ারা, আমড়া, জলপাই, বাউকুল, আপেলকুল, কমলা, সফেদা, জাম্বুরা, লেবু, আমলকী, পানিফল, পেঁপে, কাঁঠাল, কামরাঙা, জাম থেকে শুরু করে নানা ফলের গাছে ভরে গেছে তাঁর বাগান।এসব ফলের গাছ ছাড়াও বনজ গাছের মধ্যে এখানে রয়েছে প্রায় দুই হাজার গামারি, সেগুন, গর্জন, মেহগনি, ইউক্যালিপটাস, হাইব্রিড, একাশিয়া জাতের চারা। তবে শহীদুলের ভাবনায় রয়েছে একসময় তিনি শুধু মিশ্র ফলদ বাগান তৈরি করবেন। গাছের ফাঁকে ফাঁকে এবং খালি জায়গায় সবজিও চাষ করেন তিনি। বেগুন, ঢ্যাঁড়স, বরবটি, মরিচ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, শসা, ঝিঙা, পটোল, টমেটো, শিমসহ নানা জাতের সবজি। পাশাপাশি প্রায় ২০০ শতক জমিতে ধানচাষও হয়। বাগানের পাশে পাহাড়ি অঞ্চলে বাঁধ দিয়ে জলাশয় তৈরি করেছেন শহীদুল। সেখানে রুই, কাতলা, মৃগেল, চিতল, কই, পাঙাশ, নাইলোটিকা, কালিঘন্যাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছেন। বছরে দুবার মাছ বিক্রি করেন।শহীদুল এখন তাঁর ফল থেকে বছরে দুই লাখ টাকা, সবজি থেকে এক লাখ, মাছ থেকে পাঁচ লাখ এবং ধান বিক্রি করে ৮০ হাজার টাকা আয় করেন। এই আয় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে শহীদুল আশা প্রকাশ করেন। শহীদুল চান, তাঁর মতো আরও অনেক তরুণ এগিয়ে আসুক এ রকম সৃজনশীল উদ্যোগে। তিনি বলেন, ‘ফরিয়াদিকুলে একটি সেতু ও রাবার ড্যাম হলে এ এলাকার চেহারা পাল্টে যাবে। এখানে কারও আর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে না। পরিত্যক্ত জায়গায় বাগান করে আয় করা যাবে। বর্ষাকালে সেতুর অভাবে যাতায়াত সমস্যার কারণে কম দামে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি করতে হয়। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ফলদসহ শাকসবজি উৎপাদন হ্রাস পায়। পাশাপাশি বিদ্যুতের অভাব তো রয়েছেই। একটি রাবার ড্যাম চালু হলে দুই হাজার হেক্টর জমিতে চাষাবাদ বেড়ে যাবে।’লোহাগাড়া উপজেলার কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শহীদুলের দেখাদেখি এলাকার অনেকেই বাগান করতে উৎসাহিত হয়েছেন। আমরা তাঁকে প্রয়োজনীয় সার, বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করব।’