দেখলে মনে হবে রূপকথার ফলবাগান। বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধু ফলের গাছ। আম, লিচু, কাঁঠাল, লেবু, জামরুল, সফেদা, পেয়ারা, মালটা, কামরাঙা, আমলকী, ডুমুর, বরই, জলপাই, কাজুবাদাম কী নেই এখানে! বাগানের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে ইট, সুরকি, বিছানো লাল রাস্তার দুই পাশে জামরুল আর পেয়ারাগাছের সারি। এর ডান পাশে আমের রাজত্ব। অন্য পাশে একদল শিক্ষার্থী এসব ফল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন।না, এটি কোনো রূপকথার ফলবাগান নয়; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগিতায় পরিচালিত ফলগাছ উন্নয়ন প্রকল্প, যা ‘জার্ম প্লাজম সেন্টার’ নামে পরিচিত। এশিয়ার অন্যতম বৃহৎ ফল গবেষণাকেন্দ্র এটি।ফলগাছের জাত উদ্ভাবন, চারা কলম উৎপাদন, মাতৃবাগান ব্যবস্থাপনা ও নার্সারি স্থাপনে সহায়ক সর্বপ্রকার প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে শিক্ষার্থীরা এখানে গবেষণা করেন।‘বইয়ের তত্ত্বীয় জ্ঞানগুলো আমরা এখানে নানা গবেষণার মাধ্যমে হাতে-কলমে শিখি। এ ছাড়া এখানে গবেষণা করার সুযোগও অনেক। কারণ, অন্য কোনো কেন্দ্রে গবেষণা করতে চাইলে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ নানা উপকরণ কিনতে হয়। কিন্তু এখানে সব ধরনের উপকরণই আছে। ফলে খরচ তুলনামূলক কম’—বলছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের এমএস শিক্ষার্থী গিরিন আক্তার খুশি।এ বিভাগেরই আরেক শিক্ষার্থী রফিকুল ইসলাম গবেষণা করছেন এই জার্ম প্লাজম সেন্টারে। তিনি বলেন, ‘আমরা এখানে ফলগাছ নিয়ে যে গবেষণা করি, তা অনেক সময় বইয়ের তত্ত্বীয় জ্ঞানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় না। এতে এ সম্পর্কে বিস্তারিত ও বৈচিত্র্যময় তথ্য পাওয়া যায়।’জার্ম প্লাজম সেন্টারের খুঁটিনাটি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম দিকে ৩১ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে সেন্টারটি। এর পরিচালক অধ্যাপক এম এ রহিম বলেন, ‘আমাদের দেশের বিপুল জনসংখ্যার পুষ্টির চাহিদা মেটানোর জন্য ফল চাষের জমি কম। তাই ফলের উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাত, উত্তম ব্যবস্থাপনা ও সহনশীল আধুনিক প্রযুক্তি প্রয়োগ করতে হবে। জার্ম প্লাজম সেন্টারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এসব কাজে প্রশিক্ষিত করে তুলি।’ এখানে রয়েছে ১৬১ প্রজাতির প্রায় ১০ হাজার দেশি-বিদেশি গাছ। এর মধ্যে ১৫৮ রকমের আম, ৩৮ রকমের পেয়ারা, ২৩ রকমের লিচু, ৪৮ রকমের লেবু, ৯৪ রকমের কাঁঠাল, ৬৭ প্রজাতির বিলুপ্তপ্রায় অপ্রধান ফল, ৬৮ প্রজাতির ফলদ ঔষধি গাছ, ২৭ প্রজাতির ঔষধি গাছ ও ৩১ প্রজাতির বিদেশি ফল।গবেষণার বিষয় ও নিয়মাবলি: শিক্ষার্থীরা এখানে ফলগাছের ওপর গবেষণা ছাড়াও মাটির উপাদান, গুণাগুণ, চারার মিশ্রণ, কলম চাষ, ফিঙ্গার প্রিন্ট, টিস্যুসহ নানা বিষয়ে গবেষণা করতে পারবেন। এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা মূলত এখানে গবেষণা করতে পারেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই সেন্টারে গবেষণা করতে পারবেন।