ফল বের হলো কিন্তু জানলেন না সরওয়ার
প্রথম বর্ষে প্রথম শ্রেণীর সমমানের নম্বর। দ্বিতীয় বর্ষেও তাই। আর তৃতীয় বর্ষের ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। ধারাবাহিক ভালো ফল করেছেন তিনি। তাঁর এই ভালো ফল বন্ধুরা সবাই জানলেও তিনি জানেন না। আর জানাও হবে না কোনো দিন। গত ৩১ মে ঘাতক বাস কেড়ে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র সরওয়ার কামালের প্রাণ। ২ অক্টোবর কামালের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়।বন্ধুরা সবাই নিজ নিজ হল থেকে তুলেছেন নম্বর ফর্দ। আর কামালের নম্বর ফর্দ পড়ে আছে সোহরাওয়ার্দী হলের কার্যালয়ে। যে নম্বর ফর্দ উত্তোলনের জন্য আর কোনো দিন প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবেন না চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের কৃষক বাবার সন্তান কামাল।কামালের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ওয়াহিদ বলেন, ‘আমরা সবাই নম্বর ফর্দ উত্তোলন করলেও কামালের নম্বর ফর্দ হল কার্যালয়ে আছে। কামাল আর কখনো সেটা তুলতে আসবে না—এটা ভাবতেই কষ্ট হচ্ছে।’কামালের তৃতীয় বর্ষের নম্বর ফর্দে দেখা যায়, ১০টি কোর্সের একটি ছাড়া সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ২ দশমিক ৬৩, যা দ্বিতীয় শ্রেণীর সমমানের। আর পরবর্তী সময়ে অনুত্তীর্ণ কোর্সে অংশ নিয়ে উত্তীর্ণ হলে ফল হতো প্রথম দুই বর্ষের মতো প্রথম শ্রেণীর সমমানের। অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে প্রথম বর্ষে তাঁর জিপিএ ছিল ৩ দশমিক ১৫ আর দ্বিতীয় বর্ষে ছিল ৩ দশমিক ১০। মেধাবী এই ছাত্রকে হারিয়ে হতাশ বিভাগের সভাপতি অধ্যাপক এম শফিকুল ইসলাম। বিষণ্ন কণ্ঠে প্রথম আলোকে তিনি জানান, দরিদ্র কৃষক পরিবারের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন কামাল। তাঁকে ঘিরে একটি পরিবারের সব স্বপ্নেরই মৃত্যু হলো। সড়ক দুর্ঘটনায় এভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।কামালের বাবা আশরাফ আলী কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালী ইউনিয়নের প্রত্যন্ত সাতডালিয়া গ্রামের বাসিন্দা। কৃষিকাজ করেই পরিবারের ভরণপোষণ নির্বাহ করতে হয়। পাঁচ ভাইবোনোর মধ্যে কামাল চতুর্থ। কামালের বন্ধুরা জানান, পরিবারে সদস্যদের মধ্যে একমাত্র কামালের বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয়েছিল। তাই তাঁকে ঘিরে পরিবারের বহু স্বপ্ন। কামাল পাস করে পরিবারের হাল ধরবেন অবস্থা ফেরাবেন, এমনই ভেবেছিলেন তাঁরা। একটি দাবিও পূরণ হয়নি: দুর্ঘটনায় সরওয়ার কামালের মৃত্যুর পর শিক্ষার্থীরা ওই দিন রাতেই বৈঠক করে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে আট দফা দাবি দেন। এসব দাবির মধ্যে ছিল—তাঁর পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান, পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া, কামালের নামে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের নামকরণ, গাড়িচালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষুব্ধ ছাত্রদের ওপর লাঠিচার্জকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনছুর আলম প্রথম আলোকে বলেন, ‘কামালের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তখন আট দফা দাবি প্রদান করেছিলাম। সংশ্লিষ্ট প্রশাসন দাবিগুলো বিবেচনা করার আশ্বাসও দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি পূরণ হয়নি।’