ফলখোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের অনেক রকমের খাবারের শখ থাকে। শখ যখন অদম্য অবস্থায় যায়, তখন সেটাকে বলে নেশা। নেশা থেকে নেশাখোর। যেমন গাঁজাখোর, মদখোর ইত্যাদি। আমি নিজে তেমনি একজন ফলখোর। লাল গাব থেকে আলুবোখারা বা এপ্রিকট, দেশি-বিদেশি সব ফলেই আমার আসক্তি। বাংলাদেশের বাইরে যখন যেখানে গেছি, যত রকম ফল পেয়েছি, খেয়েছি।ইউরোপে ফলের শুঁটকি খুবই জনপ্রিয়। তবে দাম অত্যধিক। ১০০ গ্রাম ফলের শুঁটকির দাম পাঁচ পাউন্ড। মানে ৫০০ টাকার বেশি। লন্ডনের হ্যামারস্মিথ স্টেশনে প্রথম এই জিনিস দেখি। একটা ছোট্ট কাচে ঘেরা দোকান। লম্বা লম্বা বয়াম সাজানো। আনারস-কলাসহ নাম না জানা ১৮-২০ পদের ফলের শুঁটকি থরে থরে রাখা। দেখলেই লোভ হয়। বন্ধের দিন হওয়ায় স্টেশনে ভিড় কম। আমি দোকানের চারপাশে ঘুরে ঘুরে ফলের নাম দেখছি। দোকানি নেই। দাম হিসাব করছি। ২০ পদের ফল কিনতে লাগবে ১০০ পাউন্ড। মানে বাংলা টাকায় ১০ হাজার টাকা। আমার ঘোরাঘুরি এবং হিসাবনিকাশ দেখে পাশ থেকে একজন ছুটে এল। জিজ্ঞাসা করল, কি, ফল খাবেন? খাব। কিন্তু এত দাম দিয়ে খাওয়া সম্ভব না।কোনটা খাবেন, বলেন, আমি ব্যবস্থা করে দেব। ছেলেটা বাঙালি। নাম রাসেল। বন্ধের দিন এই দোকানে পার্টটাইম সেলসম্যানশিপ করে।বললাম, সবগুলোই একটু একটু টেস্ট করতে চাই। সেটা কি সম্ভব? জীবনে এই জিনিস খাইনি।রাসেল হেসে ফেলল, আপনার জন্য সম্ভব। কয় পাউন্ডের নেবেন?দশ পাউন্ডের মধ্যে রাসেল সবগুলো ফল মিলিয়ে ২০০ গ্রাম শুঁটকি দিল। সেদিন সারা লন্ডন শহর ঘুরেছি আর ফলের শুঁটকি খেয়েছি! বাংলাদেশে বৈশাখ-জ্যৈষ্ঠের ফলের মৌসুম চলছে। আঙুর, আপেল, বেদানা সারা বছরই পাওয়া যায়। এখন আম, জাম, কাঁঠাল, লিচু, বেল, তরমুজে বাজার ভরে গেছে। দুই মাস থাকবে। দাম অত্যধিক। তার চেয়েও অত্যধিক হচ্ছে এগুলোর সঙ্গে মেশানো কেমিক্যাল। আগে শুধু ফল পাকানোর জন্য রাসায়নিক মেশানো হতো। এখন সেটার সঙ্গে ফরমালিনও মেশানো হচ্ছে। দীর্ঘ সময় ফল তাজা রাখার বদ কৌশল। এতে ফল পচবে না। আপেল ও কমলা আমার পছন্দের ফল। নিয়মিত আনি। খারাপ খাবার খেলে যেমন ভেতরে জ্বালা হয়, ইদানীং আঙুর-আপেল খেলেও বুকের ভেতর যন্ত্রণা করে। জিহ্বা ভারী লাগে। গলা চুলকায়। স্ত্রী বলল, ফলের মধ্যে বিষাক্ত কেমিক্যাল আছে। তার পরামর্শে দুটা ফল ফ্রিজে না রেখে বাইরে রেখে দিলাম। স্বাভাবিকভাবে তিন-চার দিনের মধ্যেই সেগুলো পচে যাওয়ার কথা। কিন্তু টানা ছাব্বিশ দিনেও সেই ফলের কিছুই হলো না। মানুষকে মমি করে রাখার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয়, ফলকে মমি করে রাখার জন্যও মনে হয় সেই দ্রব্য ব্যবহার করা হচ্ছে। মানুষের মমির মতো ফলও মমি হচ্ছে। অক্ষত থাকছে। সেই মমি-ফল খেয়ে একাধিকবার বমির শিকার হয়েছি।দিন দুয়েক আগে আমাকে একজন গাছের আম গিফট করেছে। খেয়ে দেখি, অতি সুস্বাদু। কিন্তু পরিমাণে কম থাকায় তৃপ্ত হতে পারিনি। তৃপ্তির জন্য বাজার থেকে আম কিনে আনলাম। সাতক্ষীরার আম। ১০০ টাকা কেজি। দোকানদার বলল, কোনো কেমিক্যাল নাই। কেমিক্যাল দিলে খায়া আইসা জুতার বাড়ি দিয়া যায়েন।বাসায় এসে আম খেলাম। আমের আঁটি তিতা। খাওয়ার পরই দেখি জিহ্বা ভার লাগছে। গলা চুলকাচ্ছে। হাই কেমিক্যাল। মিথ্যুকে দেশ ভরে গেছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমওয়ালাকে জুতার বাড়ি দিতে গেলাম। সে কিরা কছম করে বলল, আমি কোনো কেমিক্যাল মিলাই নাই। পাইকাররা মিলাইছে। আমি তো মিছা কথা বলি নাই। আমি মিলাইছি, বলেন?পাইকাররা মিলিয়েছে কেন? এই কেমিক্যাল তো বিষ। মানুষ অসুস্থ হবে। বাচ্চারা কষ্ট পাবে। দোকানি খুবই স্বাভাবিক গলায় বলল, কেমিক্যাল না মিশাইলে কাঁচা মাল গরমে পইচা যাইব না, আমরা ব্যবসা করব ক্যামনে? আপনেই ইনসাফ কইরা উত্তর দেন।কেমিক্যল না মিশিয়েও যে ব্যবসা করা যায় সে রকম একটা অভিজ্ঞতা আমার আছে। লন্ডনে গেলে প্রতিদিন দুবার করে ফলের বাজারে ঘোরাফেরা করি। কেনাকাটার জন্য একবার গেলেই হয়। কিন্তু দুবার কেন যাই? কারণ আছে।এক সকালে হাউন্সলো ওয়েস্টে গিয়ে দেখি বিরাট বিরাট স্ট্রবেরি উঠেছে। লাল, টসটসা। অসম্ভব সুন্দর। দেখলেই থাবা দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করে। বক্সের মধ্যে সাজিয়ে রাখা। নয় পিসের দাম ১২ পাউন্ড। মানে ১২০০ টাকা। আমার স্ত্রী কিছুতেই সেটা কিনতে দেবে না। বলল, এটা কেনা মানে অপব্যয়। এটা না খেলে তুমি মারা যাবে না। অপব্যয়কারী শয়তানের ভাই। তুমি কি শয়তানের ভাই হতে চাও?আমি বললাম, না। শয়তানের ভাইবোন হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তবে এত সুন্দর স্ট্রবেরি এই জীবনে দেখিনি! সারা দিন শহরে ঘোরাফেরা করলাম। মন পড়ে রইল হাউন্সলো ওয়েস্টের স্ট্রবেরিতে! বিকেলে ফেরার পথে আবার সেই মার্কেটে ঢুকলাম। স্ত্রী বলল, একটাই জীবন! স্ট্রবেরি খুব বেশি খেতে ইচ্ছা করলে কেনো। আমি স্ট্রবেরির কাছে এসে আকাশ থেকে পড়লাম। সকালে যে স্ট্রবেরির দাম ছিল ১২ পাউন্ড, এখন সেটার দাম মাত্র এক পাউন্ড! কয়েকটা বক্স চেক করলাম। সবগুলোর প্রাইস ট্যাগই কেটে নতুন ট্যাগ বসানো হয়েছে। ১২০০ টাকার মাল ১০০ টাকা! ঘটনা কী? ঘটনা শুনলাম এক স্টাফের কাছে। আগামীকাল এই স্ট্রবেরির মেয়াদ শেষ হয়ে যাবে। মানে এরপর এটা পচে যাবে। সে জন্য দাম কমিয়ে দেওয়া হয়েছে। ফলে আমার মতো গরিব মানুষও তাজা ও উন্নত দামি ফলটা কম দামে খেতে পারছে। একটু সময়ের আগপাছ, এই যা!এর পর থেকেই বিদেশে ফলের বাজারে আমি দিনে দুবার করে যাই। কোনটার মেয়াদ কতক্ষণ আছে দেখে সস্তায় তাজা ও ভালো ফল কিনি। আমাদের দেশেও ফল বিক্রিতে এই নিয়মটা চালু করা যেতে পারে। তাতে অল্প আয়ের মানুষও ভালো ফল সস্তায় খেতে পারবে। আবার কেমিক্যাল মেশানোরও প্রয়োজন হবে না।