ফলন কম হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকায় মাতামুহুরী নদীর তলদেশ শুকিয়ে গেছে। এতে জমিতে সেচ দিতে না পারায় ফেটে চৌচির হয়ে গেছে নদীপারের ধানখেত। এ অবস্থায় চলতি মৌসুমে ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা।বান্দরবানের আলীকদমের পাহাড়ি এলাকা থেকে সৃষ্ট মাতামুহুরী নদীটি চকরিয়ার বেতুয়াবাজারে এসে দুই ভাগ হয়ে দুদিকে প্রবাহিত হয়েছে। এর মধ্যে একটি মিলেছে বাঘগুজারা রাবার ড্যাম হয়ে পেকুয়া-কুতুবদিয়া চ্যানেলে। অন্যটি মিলেছে পালাকাটা রাবার ড্যাম হয়ে বদরখালী-মহেশখালী চ্যানেলে। পেকুয়া-কুতুবদিয়া নৌপথে পানি থাকলেও বদরখালী-মহেশখালী পথের পালাকাটার প্রায় দুই কিলোমিটার এলাকায় নদীর তলদেশ শুকিয়ে গেছে।চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন জানান, বদরখালী-মহেশখালী চ্যানেলটি বেতুয়াবাজার থেকে শুরু। শুকনো মৌসুম হওয়ায় নদীতে পানি কমে গেছে। তার ওপর নদীর বেতুয়াবাজার এলাকাটি কিছুটা উঁচু হওয়ায় উজানের পানি এই চ্যানেলে প্রবাহিত হতে পারছে না। ফলে বেতুয়াবাজার থেকে পশ্চিমে প্রায় দুই কিলোমিটার এলাকা শুকিয়ে গেছে। স্থানীয় সেচ পাম্প (স্কিম) মালিক মোজাহের আহমদ ও জয়নাল আবেদীন বলেন, ‘অনেক টাকা বিনিয়োগ করে এ বছর সেচ পাম্পগুলো স্থাপন করেছি। মৌসুম শুরু হওয়ার পর ১৫ দিন নদী থেকে জমিতে সেচও দিয়েছি। কিন্তু প্রায় চার সপ্তাহ ধরে নদীতে পানি নেই। ফলে পাম্পগুলো বন্ধ করে দিতে হয়েছে।’এলাকার কৃষক নেজাম উদ্দিন (৩৮) ও সাহাব উদ্দিন (৪৩) বলেন, ‘নদীতে পানি না থাকায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নালা তৈরি করে পালাকাটা রাবার ড্যামের পশ্চিম পাশ থেকে সাগরের লোনা পানি নিয়ে জমিতে সেচ দিচ্ছি।’ ধান মরে যাবে জেনেও মনকে বোঝাতে না পেরে এমনটি করছেন বলে তাঁরা জানান। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চিরিঙ্গা ইউনিয়নের পালকাটা, বুড়িপুকুর, সওদাগরঘোনা, চরনদ্বীপ ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার চার হাজার একর জমিতে চলতি মৌসুমে ১৮টি সেচপাম্প বসানো হয়েছে। কিন্তু নদীতে পানি না থাকায় বর্তমানে পাম্পগুলো বন্ধ রয়েছে। ফলে এলাকার চাষের জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চকরিয়া উপজেলা কৃষি বর্গাচাষি সমিতির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘নদীর তলদেশ শুকিয়ে যাওয়ার বিষয়টি শুরু থেকে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার ধরনা দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। এতে ফসল উৎপাদন এবার আশানুরূপ না হওয়ার আশঙ্কায় কৃষকের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কয়েকবার বৈঠক হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন করে সংশ্লিষ্ট এলাকার জমিতে মিঠা পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে। উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ‘মাতামুহুরী নদীর পালাকাটা এলাকায় পানি না থাকলে কৃষকের ঘরে ফসল উঠবে না। এতে কৃষকেরা সংকটে পড়বে। বিষয়টি সমাধানের চেষ্টা করছি আমরা।’