রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে কমলা ফলন ভালো হয়েছে। বাজারে দামও চড়া। ভালো লাভ হওয়ায় চাষিদের মুখেও হাসি ফুটেছে।
কমলাচাষিরা জানান, কয়েক বছর আগেও বাগানেই ঝরে পড়ে পচে যেত অধিকাংশ কমলা। বেশির ভাগ বাগান দুর্গম এলাকায় হওয়ায় কমলা বাজারে আনা কঠিন ছিল চাষিদের পক্ষে। কিন্তু এখন সাজেক-বাঘাইহাট সড়ক ও রুইলুইপাড়ায় পর্যটনকেন্দ্র গড়ে ওঠায় স্থানীয় বিক্রেতারা কমলা কিনে নিচ্ছেন বাগান থেকে। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় কমলা বাজারজাত করাও সহজ হয়েছে। দিন দিন পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় কমলার দামও বাড়ছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর কমলা দাম বেশি বলে জানান চাষিরা। পাইকারি জোড়া ২০ টাকা আর খুচরা ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ বাঘাইহাট-সাজেক সড়ক হওয়ার আগে এক জোড়া পাঁচ টাকা দরে বিক্রি হতো।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাজেক ইউনিয়নে চলতি মৌসুমে এক হাজার ২২৩ একর জায়গায় কমলা চাষ হয়েছে। সবচেয়ে বেশি কমলার চাষ হয় সাজেকের তুইছুই, ব্যাটলিংপাড়া, ছয়নালছড়া, কমলাপুর, খাগড়াছড়ি গ্রাম ও লংকর এলাকায়। এবার কমলার উৎপাদন হয়েছে এক হাজার ২০ মেট্রিক টন। উৎপাদিত কমলা ঢাকা-চট্টগ্রামসহ দেশে বিভিন্ন স্থানেও সরবরাহ করা হচ্ছে।
সম্প্রতি উপজেলার ছয়নালছড়া, কমলাপুর ও খাগড়াছড়ি গ্রামের কমলা বাগানে গিয়ে দেখা গেছে, বাগানে কমলাচাষিরা কমলা ছিঁড়ছেন। অনেক পাইকারি ব্যবসায়ী বাগান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন। এসব বাগান থেকে অনেক বিক্রেতা কমলা সংগ্রহ করে নিয়ে আসেন রুইলুই পর্যটনকেন্দ্রে। এখানে আসা পর্যটকেরা বাজারের চেয়ে বেশি দামে কমলা কেনেন।
সাজেকে অবস্থিত খাগড়াছড়ি গ্রামের প্রধান সাধন কুমার চাকমা বলেন, ‘আমাদের গ্রামে আট থেকে দশটি কমলাবাগান রয়েছে। এসব বাগানে কয়েক বছর ধরে কমলা ধরতে শুরু করেছে।’ পাইকারি ব্যবসায়ী নয়ন জ্যোতি চাকমা বলেন, ‘আমি খাগড়াছড়ি গ্রামের একটি কমলা বাগান ৫০ হাজার টাকা দিয়ে কিনেছি। বাজারেও কমলার দাম বেশি। তা ছাড়া সাজেকের কমলার চাহিদা রয়েছে পর্যটকদের কাছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান প্রথম আলোকে বলেন, সাজেকের পাহাড়ি এলাকার মাটি কমলা চাষের জন্য উপযোগী। মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় কমলাও মিষ্টি হয়।