গত বছর মাঝারি আকৃতির তরমুজের দাম উঠেছিল ৯০ থেকে ১০০ টাকা। অথচ এ বছর চাষিরা একই আকৃতির তরমুজ বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকায়। ন্যায্য দাম না পেয়ে হতাশ কক্সবাজারের মহেশখালীর তরমুজচাষিরা।
কৃষি কর্মকর্তারা বলছেন, আগাম তরমুজের চাষ করে উপজেলার চাষিরা লাভ পেলেও এখন তেমন লাভ করতে পারছেন না। স্থানীয় বাজারে অন্যান্য জেলা থেকে প্রচুর তরমুজ আসায় উপজেলায় উৎপাদিত তরমুজের দাম পড়ে গেছে।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২০ হেক্টর জমিতে এবার তরমুজের চাষ হয়েছে। গত বছরের তুলনায় ৪০ হেক্টর জমিতে তরমুজের চাষ বেশি হয়েছে। সোনাদিয়া, বড়দিয়া, ঘটিভাঙা, তাজিয়াকাটা, নয়াপাড়া, ফকিরাকাটা, বড়ডেইল, পাহাড়তলী এবং উত্তরকুল এলাকায় এ মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, এবার ফলন অনেক ভালো হয়েছে। যাঁরা আগাম তরমুজের চাষ করেছেন, তাঁরা ভালো দাম পেয়েছেন। এখন অন্যান্য জেলার তরমুজ স্থানীয় বাজারে আসায় দাম কমেছে।
উপজেলার কুতবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার চাষি রবি আলম বলেন, তিনি দুই একর জমিতে তরমুজ চাষ করেছেন। খরচ হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এ পর্যন্ত ১ লাখ ৮০ হাজার টাকার মতো তরমুজ বিক্রি হয়েছে। মাঠে যত তরমুজ এখনো আছে, সেসব বিক্রি করেও উৎপাদন খরচ উঠবে না বলে তিনি আশঙ্কা করছেন।
গত বছর চাষিরা মাঝারি আকারের তরমুজ বিক্রি করেছিলেন ৯০ থেকে ১০০ টাকায়। তবে এ বছর একই আকৃতির তরমুজের দাম উঠছে ৬০ টাকা। ব্যাপক ফলন হওয়ার পাশাপাশি এবার নোয়াখালী ও ভোলা থেকেও তরমুজ এসেছে স্থানীয় বাজারে। ফলে গত বছরের মতো এবার তেমন দাম ওঠেনি তরমুজের। গোরকঘাটা বাজারে গিয়ে দেখা গেছে, মাঝারি থেকে বড় আকৃতির তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। গত বছর এমন তরমুজ বিক্রি হয়েছে ১৫০ টাকায়।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা, বড়ডেইল, পাহাড়তলী ও কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার চাষিরা বিক্রির জন্য খেত থেকে তরমুজ তুলছেন। পাইকারি বিক্রেতারা চাষিদের থেকে তরমুজ কিনে নিচ্ছেন। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। বিক্রি হওয়া তরমুজ ট্রাকে ভর্তি করে সরবরাহ করছেন ব্যবসায়ীরা।
কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার চাষি নুরে আলম ও কাইছার হোসেন বলেন, প্রায় চার মাস আগে দুই একর জমিতে আগাম তরমুজ চাষ করেন। ইতিমধ্যে তিন লাখ টাকার তরমুজ বিক্রি হয়েছে। আরও এক লাখ টাকার তরমুজ খেতে মজুত রয়েছে।
তাঁরা জানান, আগাম চাষ করায় প্রথমে তরমুজ বেশি দামে বিক্রি করতে পেরে চাষিরা অনেকটা খুশি হয়েছিলেন। কিন্তু ফলন বেশি হওয়ায় তরমুজের দাম কমে গেছে।
গোরকঘাটা বাজারের তরমুজ ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আগাম তরমুজের ভালো ফলন হয়েছে এবং চাষিরা দামও পেয়েছিলেন। কিন্তু এখন দাম গত বছরের তুলনায় অনেক কমে গেছে।