ফলন ভালো দাম নিয়ে হতাশ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলায় এবার আদার বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম নিয়ে হতাশ চাষিরা। এখন লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। চাষিরা জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার পাঁচটি ওয়ার্ডের পাহাড়ি এলাকায় এবার ব্যাপক আদার চাষ হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চাষিরা খেত থেকে নতুন আদা তুলে বাজারে বিক্রির জন্য আনতে শুরু করেছেন। বিশেষ করে উপজেলা সদর, রোয়াজার হাট, ইছাখালি বাজার, হাজারি হাট, রাজার হাট ও রানীর হাটে এখন আদার বাজার জমে উঠেছে। পৌরসভার ইছাখালি এলাকার আদাচাষি খায়রুল আলম (৪২) বলেন, ‘প্রতি কেজি আদাবীজ ২০০ টাকায় কিনেছি। বেশি দামে কিনতে হয়েছে সার ও কীটনাশক। শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে চার একর জমিতে আদা চাষে খরচ হয়েছে ছয় লাখ টাকা। ইতিমধ্যে তোলা দুই একর জমিতে আদা উৎপাদিত হয়েছে সাত হাজার ৬০০ কেজি, যা বিক্রি করে দুই লাখ ৩৭ হাজার টাকা পাওয়া গেছে। বাকি আদা বিক্রি করলে হয়তো খরচ উঠবে কিন্তু লাভের মুখ দেখার কোনো সম্ভবনা নেই।’উপজেলা সদর রোয়াজার হাটের পাইকারি আদা ব্যবসায়ী আহমদ ছৈয়দ (৫৫) বলেন, ‘রাঙ্গুনিয়ায় এবার আদার বাম্পার ফলন হয়েছে। যদি বিদেশি আদা বাজারে না আসে, তাহলে বর্তমান মূল্যেও লোকসানের মুখে পড়বেন না চাষিরা। তবে বিদেশের আদা বাজারে এলে দাম আরও কমে যাবে। এতে চাষিরা লোকসানে পড়তে পারেন।’ চাষিরা জানান, রাঙ্গুনিয়ায় উৎপাদিত আদা মূলত বিক্রি হয় ঢাকার শ্যামবাজারসহ বিভিন্ন আড়তে। সেখানে ট্রাকযোগে আদা পরিবহন করে নিয়ে যান চাষিরা। এবার আড়তগুলোতে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩২ টাকায়। অথচ গত বছর প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ৮৬ থেকে ৯০ টাকা পর্যন্ত। এর আগের দুই বছরও প্রায় একই দামে বিক্রি হয় আদা। চাষিরা তখন লাভবানও হন। উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় এবার পাঁচ হাজার ৬০০ একরেরও বেশি জমিতে আদার চাষ হয়েছে। চাষিরা ইতিমধ্যে নতুন আদা তুলতে শুরু করেছেন। প্রতি একর জমিতে প্রায় চার হাজার কেজি পর্যন্ত আদা উৎপাদিত হয়েছে, যা আগে কখনো হয়নি। পরিবেশ অনুকূলে থাকায় আদার বাম্পার ফলন হয়েছে। দাম কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখন যে দামে আদা বিক্রি হচ্ছে, তাতে চাষিদের লোকসানের আশঙ্কা আছে বলে মনে হয় না। কারণ আদার উৎপাদন তো বেশি হয়েছে।