ফলাফল ও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এবারে চট্টগ্রামের সঙ্গে কথা বলি, গোপালগঞ্জ তো আমার নিজের এলাকা সেখানে পরে কথা বলব।’ কথাটা শুনে চমকে উঠলেন মিলনায়তনের শ্রোতা-দর্শকেরা। দিনটি ছিল ১২ মে। মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। বেলা দুইটায় বিদ্যালয়গুলোতে ফলাফল ঘোষণা করা হবে। মুঠোফোন আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ততক্ষণে ফলাফল পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তার আগেই ছিল চমক। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার দৃশ্যটি সরাসরি সম্প্রচার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার আয়োজন ছিল প্রথমবারের মতো। নগরের নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চবিদ্যালয়ে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এর আগে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং প্রশাসনের লোকজন। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক আর সংবাদকর্মীদের উপস্থিতি ছিল মিলনায়তনজুড়ে। বেলা প্রায় ১১টা ৫ মিনিটে টেলিভিশনের পর্দার একপাশে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়। দেখা গেল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। তিনি সামগ্রিক ফলাফলের ওপর আলোকপাত করেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। জেলা প্রশাসক ফয়েজ আহমেদ প্রতিনিধিত্ব করলেন চট্টগ্রামবাসীর পক্ষে। তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহবুবা বেগম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ নুরুল ইসলাম। এর আগে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছি। এটিও আমাদের অগ্রযাত্রার একটি পদক্ষেপ।’ তিনি শিক্ষা ক্ষেত্রে সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে আমরা সফল হয়েছি। ছেলেমেয়ে পরীক্ষায় অকৃতকার্য হবে না, সবাই পাস করবে। যাতে করে প্রত্যেকের মেধার যথাযথ মূল্যায়ন হয়, সেভাবেই আমাদের শিক্ষানীতি গড়ে তোলা হয়েছে।’