রাউজানে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। কিন্তু ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর লোকজন কয়েকটি ইউনিয়নে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সদর ইউনিয়নের কেউটিয়া গ্রামে গত রোববার রাতে মুখোশধারী সন্ত্রাসীরা রনজিতরুদ্র পাল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়েছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, নির্বাচনে দিদারুল আলমের পক্ষে কাজ করায় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন তাঁর ওপর হামলা করেছে। এ ব্যাপারে রাউজান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।সদর ইউনিয়নের ভোটার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী জানান, তিনি স্থানীয় সাংসদ মনোনীত প্রার্থী শাহ আলমকে আনারস প্রতীকে ভোট দিয়েছেন। কিন্তু এই প্রার্থী পরাজিত হলে সন্দেহবশত তাঁর বাড়িতে হামলা করে এক পুত্রকে মারধর করেছে। এ ইউনিয়নের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শাহ আলমের বিরোধিতা করেছেন এমন অনেকে ভোটের ফলাফল দেখে হামলার আশঙ্কায় বাড়ি ছেড়েছে। যদিও হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধাওয়া করলে পরিস্থিতি শান্ত হয়। একই ধরনের হামলার ঘটনার ঘটেছে ডাবুয়া ইউনিয়নেও। এই ইউনিয়নের বিজয়ী প্রার্থী আবদুর রহমান চৌধুরীর পক্ষে তাঁর আত্মীয় সাহাবুদ্দীন অভিযোগ করেন, রোববার সকালে পরাজিত প্রার্থী আলমগীরের কর্মী-সমর্থকেরা তাঁর পক্ষে থাকা পশ্চিম ডাবুয়ার জসিম উদ্দিন , বাহার উদ্দিন, গোলাফুর রহমান, বাইন্যাহাট এলাকার আবদুল মান্নান, আজিম উদ্দিনকে মারধর করেছে। বিষয়টি তিনি প্রশাসনকে জানালেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। এ ছাড়া হামলার খবর পাওয়া গেছে নোয়াজিশপুর ইউনিয়নেও। হামলার ঘটনা প্রসঙ্গে মুঠোফোনে সদর ইউনিয়নের পরাজিত প্রার্থী শাহ আলম বলেন, ‘এই ধরনের কোনো হামলার ঘটনা তার জানা নেই।’ ডাবুয়ার প্রার্থী মোহাম্মদ আলমগীরের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক উনু মং বলেন, ‘ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে কোনো কোনো স্থানে হালকা কিছু ঘটনা ঘটলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে তা শেষ হয়ে গেছে। এখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে না।’ এদিকে, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে তাঁকে হারিয়ে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বলেন, ‘নির্বাচনের দিন আমি ঘর থেকেই বের হয়নি। প্রভাব খাটাব কেমন করে।’ রাউজানে ১৪টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানেরা হলেন : হলদিয়ায় শফিউল আলম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, গহিরায় নুরুল আবছার, নোয়াজিশপুরে সরোয়াদ্দী সিকদার, বিনাজুরীতে সুকুমার বড়ুয়া, সদরে ফায়জুল ইসলাম চৌধুরী, কদলপুরে মোজাহেদুল ইসলাম চৌধুরী, পাহাড়তলীতে মোহাম্মদ ইব্রাহীম, পূর্ব গুজরায় এম. আব্বাস উদ্দিন আহমেদ, উরিকরচরে আনোয়ার চৌধুরী, নোয়াপাড়ায় দিদারুল আলম ও বাগোয়ানে ভূপেশ বড়ুয়া। পশ্চিম গুজরায় সাহাবুদ্দিন আরিফ ও চিকদাইরে কাজী দিদারুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর আগে নির্বাচিত হন।