ফলাফলের শীর্ষে থাকা মাদ্রাসাটি উন্নয়নবঞ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর দাখিল আর জেডিসি পরীক্ষার ফলাফলের দিক থেকে উপজেলার শীর্ষে থাকে মাদ্রাসাটি। কিন্তু লেখাপড়ায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছে উন্নয়নে। জীর্ণ ভবনেই চলছে পাঠদান। কক্ষের অভাবে মাদ্রাসার দুটি শ্রেণির পাঠদান চলে পাশের একটি মসজিদে। নেই পর্যাপ্ত আসবাবপত্রও। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসায় এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম।
মাদ্রাসাটির কর্তৃপক্ষ জানায়, একটি স্থায়ী ভবন নির্মাণের জন্য স্থানীয় সাংসদ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের বেতন ও অনুদানের টাকা দিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তাঁরা। কিন্তু টাকার অভাবে গত ১১ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণের কাজ।
কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষকেরা জানান, ১৯৯৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার পর বাঁশের বেড়া ও শণের ছাউনি দিয়ে তৈরি একটি ভবনে পাঠদান শুরু হয়। কিন্তু বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বেড়ার তৈরি ভবনটি ধসে যায়। পরে ২০০৩ সালে ইট আর টিন দিয়ে আরেকটি ভবন তৈরি করা হয়। কিন্তু সেটিও স্থায়ী ভবন নয়। সরকারি কোনো সহায়তা না মেলায় মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বেতন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের টাকা নিয়ে ২০০৫ সালে একটি ভবনের নির্মাণকাজ শুরু করে। কিন্তু ১১ বছর পেরিয়ে গেলেও টাকার অভাবে ওই ভবনের পুরো কাজ শেষ হয়নি। শ্রেণিকক্ষের অভাবে শিশু ও প্রথম শ্রেণির পাঠদান চলে পাশের একটি মসজিদে। আর জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ভবনে চলে চারটি শ্রেণির পাঠদান। বাকি পাঁচ শ্রেণির কার্যক্রম চলে নির্মাণাধীন তিনতলা ভবনে। মাদ্রাসার অফিসকক্ষ ছাড়া বাকি ১১টি শ্রেণিকক্ষে নেই কোনো দরজা-জানালা।
গত ১২ এপ্রিল বেলা ১১টায় সরেজমিেন দেখা গেছে, ওই মাদ্রাসার তিনতলাবিশিষ্ট দরজা-জানালাবিহীন নির্মাণাধীন ভবনে চলছে পাঠদান। দেয়ালে নেই পলেস্তারা ও রঙের প্রলেপ। ভবনের ৭০ শতাংশের কাজ শেষ হলেও টাকার অভাবে পুরো কাজ শেষ করতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। জরাজীর্ণ ইট আর টিনের তৈরি পুরোনো ভবনেও নেই কোনো দরজা-জানালা। দেয়াল থেকে খসে পড়ছে ইট।
ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র শেখ আকরাম হোসেন ও নাজমুল মোস্তফা জানায়, মাদ্রাসায় বসার জন্য পর্যাপ্ত টুল নেই। এ কারণে শ্রেণিকক্ষে অনেককে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। বৃষ্টি হলেই পানি পড়ে ছাদ চুইয়ে। এতে অনেক সময় বইপত্র ভিজে নষ্ট হয়ে যায়।
মাদ্রাসার সহকারী সুপার আজহারুল ইসলাম বলেন, জরাজীর্ণ ভবনে নিয়মিত পাঠদান করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এর পরও শিক্ষার্থীরা এই মাদ্রাসা থেকে জেডিসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করে উপজেলার শীর্ষস্থান দখল করে নেয় প্রতিবছর। গত বছরের ফলাফল তুলে ধরে তিনি আরও বলেন, ২০১৪ সালে দাখিলে ৬৬ জন ও জেডিসিতে ৬৩ জন পাস করে উপজেলার শীর্ষস্থান দখল করে। এর পরও মাদ্রাসাটি উন্নয়নবঞ্চিত রয়ে গেছে।
মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) মোহাম্মদ ইব্রাহিম বলেন, শুধু মাদ্রাসার একটি ভবনের জন্য স্থানীয় সাংসদ থেকে শুরু করে জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বারবার ধরনা দিয়েছেন তাঁরা। তবে কোনো কাজ হয়নি। টাকার অভাবে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে তিনতলাবিশিষ্ট ভবনটি।
মাদ্রাসার ভবন জরাজীর্ণ হওয়ার কথা স্বীকার করে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল হক বলেন, ওই মাদ্রাসায় নতুন একটি ভবন নির্মাণের বিষয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।