ফসলি জমিতে ইয়াবা ব্যবসায়ীর ইটভাটা

আইন অনুযায়ী সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ও আবাদি জমিতে ইট পোড়ানো নিষিদ্ধ। কিন্তু এসবের কোনো তোয়াক্কা করছেন না ইয়াবা ব্যবসায়ী নুরুল কবির। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামে সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে ফসলি জমিতে গড়ে তুলেছেন ইটভাটা।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকায় হ্নীলা পশ্চিম লেদা অংশে নুরুল কবিরের নাম ২ নম্বরে। ১ নম্বরে তাঁর বড় ভাই নুরুল হুদার নাম। ৩ ও ৪ নম্বরে রয়েছেন তাঁর অপর দুই ভাই শামশুল হুদা ও নুর মোহাম্মদ। এর মধ্যে ২০১৪ সালের ২০ মার্চ র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নুর মোহাম্মদ।
গত ৩০ নভেম্বর সকালে সরেজমিনে দেখা গেছে, টেকনাফ-কক্সবাজার সড়কের পশ্চিম পাশে আলীখালী গ্রামের ফসলি জমিতে ইটভাটাটি নির্মিত হয়েছে। ভাটায় শ্রমিকেরা ইট তৈরিতে ব্যস্ত। ইটভাটার আধা কিলোমিটার পশ্চিমে সংরক্ষিত বন। ইট তৈরির জন্য কাটা হচ্ছে বনের পাহাড়। ভাটায় ইট পোড়ানোর জন্য ৫০ ফুট লম্বা একটি চিমনি স্থাপন করা হয়েছে। এর পাশে চাষিরা ভুট্টা, মরিচ, আলু ও ধান রোপণের জন্য মাঠ তৈরি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইট তৈরির কয়েকজন শ্রমিক জানান, ভাটার মালিক নুরুল কবির ইট তৈরির জন্য তাঁদের নিয়োগ দিয়েছেন। ১১ দিন ধরে শ্রমিকেরা ভাটায় কাজ করছেন।
স্থানীয় চাষি আলী হোসেন বলেন, ‘শুনেছি, আবাদি জমি ও বনের পাশে ইটভাটা নির্মাণ বেআইনি। তাহলে এ ইটভাটা কীভাবে হলো?’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, ফসলি জমিতে ইটভাটা তৈরির কারণে চাষিদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে ঊর্ধ্বতন মহলে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত ইটভাটা বন্ধে কিছুই হচ্ছে না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, নুরুল কবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচারকারী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত জুলাই মাসে পুলিশ নুরুল কবিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। এরপর দুই মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জমিনে মুক্ত হন তিনি।
সংরক্ষিত বনের পাশে এবং ফসলি জমিতে ইটভাটা তৈরি প্রসঙ্গে জানতে চাইলে নুরুল কবির বলেন, ‘এই ইটভাটা আমার বড় ভাই নুর মোহাম্মদ আট কানি (তিন একর) ফসলি জমির ওপর তৈরি করেছিলেন। ২০১৪ সালে র্যাব গুলি করে তাঁকে হত্যা করে। এরপর ভাটাটি অর্ধেক অবস্থায় পড়ে ছিল। এখন সেটি চালু করেছি। কয়েক দিনের মধ্যে ইট পোড়ানো শুরু হবে।’ নুরুল কবির জানান, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই তিনি ফসলি জমিতে ইটভাটা চালু করেছেন। এতে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর ইটভাটা তৈরির ছাড়পত্র দিলেই জেলা প্রশাসন লাইসেন্স দিতে পারে। ইটভাটা উচ্ছেদের ব্যবস্থা নেয় পরিবেশ অধিদপ্তর। বনাঞ্চলের কাঠ দিয়ে ইট পোড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, এই ইটভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। তা ছাড়া সংরক্ষিত বনের পাশে ও ফসলি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ফসলি জমিতে ইটভাটা তৈরির অনুমতি কাউকে দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।