বিশ্ব তামাকমুক্ত দিবস: তামাক চাষ বন্ধে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা নেই
ফসলি জমিতে তামাক আগ্রাসন বন্ধ হচ্ছে না
কক্সবাজারে ফসলি জমিতে তামাক আগ্রাসন বন্ধ হচ্ছে না। ফলে একদিকে ফসল উৎপাদন যেমন কমছে, তেমনি পরিবেশ প্রতিবেশ ধংসের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। তামাক চাষ বন্ধে স্থানীয় প্রশাসনেরও কোনো তৎপরতা নেই। জেলার ঠিক কত একর জমিতে তামাকের চাষ হচ্ছে তার সঠিক হিসাব কেউ দিতে না পারলেও তামাক-অধ্যুষিত এলাকায় ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে মোটামুটি একটা চিত্র পাওয়া যায়। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী চলতি মৌসুমে কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও উখিয়া উপজেলার অন্তত সাত হাজার একর ফসলি জমিতে তামাকের চাষ হয়েছে। এর বাইরেও মাতামুহুরি ও বাঁকখালী নদীর তীরে এবং সংরক্ষিত বনের বিস্তীর্ণ এলাকার জমিতে তামাক চাষ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এমন জমির পরিমাণ পাঁচ হাজার একরের কম নয়। সে হিসাবে জেলায় তামকের চাষ হয়েছে অন্তত ১২ হাজার একর জমিতে। গত রোববার রামু উপজেলার রাজারকূল, কচ্ছপিয়া, গর্জনিয়া, ফতেখাঁরকূল, সদর উপজেলার ঈদগাঁও, ভাদিতলা ও ফুলতলী গিয়ে বিস্তীর্ণ এলাকায় তামাকের খেত দেখা গেছে। স্থানীয় কৃষকেরা জানান, তামাক চাষে লাভ বেশি, পাশাপাশি তামাক কোম্পানিগুলো সার, বীজ ও ঋণ দিয়ে সহায়তা করে। এসব কারণে তামাক চাষ বাড়ছে। রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান জানান, চলতি মৌসুমে রামুর ১১টি ইউনিয়নে পাঁচ হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছে। তামাক চাষের কারণে সবজির উৎপাদন কমে গেছে। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী লোকজন চাষিদের খাস জমিতে তামাক চাষ করতে বাধ্য করেন। সদর উপজেলার ঈদগাঁও গ্রামের চাষি সাইফুল ইসলাম (৪৩) জানান, শীত মৌসুমে ফুলেশ্বরী নদীর দুই তীরের সরকারি জমিতে শাকসবজির চাষ করে জীবিকা নির্বাহ করতেন ১২০টি চাষি পরিবার। এখন ওই জমি দখলে নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা চাষিদের তামাক চাষে বাধ্য করেছেন।ক্ষতিকর এই ফসলের বিস্তার রোধে কৃষি বিভাগ তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন কক্সবাজারের তামাক অধ্যুষিত এলাকার জনপ্রতিনিধিরা। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, ‘তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমরা চাষিদের নিয়ে নানা সভা সমাবেশ করছি। তার পরও চাষিরা তামাক চাষে ঝুঁকছে। কারণ এতে লাভ বেশি।’চুল্লির ধোঁয়ায় বিষাক্ত বাতাস: চলতি মৌসুমে শুধু রামুতেই তামাকপাতা পোড়ানোর জন্য তৈরি করা হয় কয়েক হাজার চুল্লি। সদর, চকরিয়া, পেকুয়া, উখিয়া মিলে এ রকম চুল্লির সংখ্যা কমপক্ষে ছয় হাজার। চুল্লি থেকে নির্গত তামাকের বিষাক্ত ধোঁয়া এখন পরিবেশ বিষিয়ে তুলছে। গত রোববার রামু উপজেলার কাউয়ারখোপ গ্রামে গিয়ে দেখা গেছে, বনের গাছ পুড়িয়ে কয়েকটি চুল্লিতে তামাক পোড়ানো হচ্ছে। পাশের মাঝিরকাটা, সিকদারপাড়া, জুমছড়ি, ক্যাজরপাড়া, কচ্ছপিয়া, তিতারপাড়া, ফাকরিকাটা, মৌলভিকাটা গ্রামেও চলছে চুল্লিতে তামাক পোড়ানোর কাজ। অনুসন্ধানে জানা গেছে, প্রতি দুই একর তামাকখেতের জন্য প্রয়োজন হয় একটি চুল্লির। এই হিসাবে জেলার ১২ হাজার একরের তামাকখেতের পাতা পোড়ানোর জন্য তৈরি হয়েছে প্রায় ছয় হাজার চুল্লি। প্রতিটি চুল্লি তৈরিতে প্রয়োজন হয় ১২টি করে গাছ। ছয় হাজার চুল্লিতে ৭২ হাজার গাছের প্রয়োজন পড়ে। তা ছাড়া প্রতিচুল্লিতে ৪০০ মণ হিসেবে ছয় হাজার চুল্লিতে প্রয়োজন ২৪ লাখ মণ কাঠ। এর সিংহভাগ গাছ বা কাঠ বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়। এ প্রসঙ্গে কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম খালেক খান জানান, পাহাড়ি জমিতে গড়ে ওঠা কয়েক একর তামাকখেত ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। চুল্লিতে যেন বনের গাছ পোড়ানো না হয়, সে ব্যাপারে বনকর্মীরা সতর্ক আছেন। নদীতে মাছ নেই, পানিতে বিষ: চুল্লি থেকে নির্গত বিষাক্ত তামাকের রস নদীতে গিয়ে পানি বিষাক্ত করছে। জেলার অন্তত ১১টি খালের পানিও বিষাক্ত হয়ে পড়েছে। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, শিশুদের শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পরিবেশের ধ্বংসেরর দায়ে চুল্লির মালিকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।