ফসলি জমির মাটি দিয়ে বসতভিটার জায়গা ভরাট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরইয়া গ্রামের ১০০ একরজুড়ে বিস্তৃত ফসলের খেতে কেবল ধানের চাষ হয়। সম্প্রতি ওই এলাকার অন্তত পাঁচ জায়গায় মাটি কাটতে দেখা গেছে। কেবল পশ্চিম বরইয়া নয়, উপজেলার বিভিন্ন এলাকায় এখন ফসলি জমির মাটি বিক্রি করছেন চাষিরা। ট্রাক বোঝাই করে এসব মাটি নেওয়া হচ্ছে বসতভিটার জায়গা ভরাট করার কাজে।
আমন ধান কাটার পর এখন উপজেলার অনেক কৃষক পড়ে থাকা জমির উপরিভাগের মাটি বিক্রি করছেন। দুই টন ধারণক্ষমতার এক ট্রাক মাটির জন্য কৃষকেরা দাম পাচ্ছেন ৪০০ টাকা। আর ট্রাকচালক পাচ্ছেন ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। পশ্চিম বরইয়া গ্রামে এমন ছয়-সাতটি ট্রাকে মাটি বোঝাই করছিলেন শ্রমিকেরা। মাটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রশ্ন করা হলে মিনিট্রাক চালক নাসির উদ্দীন জানান, বারশত ইউনিয়নের বারশত গ্রামে বসতভিটা নির্মাণের জন্য মাটি নিয়ে যাচ্ছেন তিনি। জমির মালিক মাটি বিক্রি করে পেয়েছেন ৪০০ টাকার মতো। অন্যদিকে, মাটি পৌঁছে দেওয়ার জন্য নাসির উদ্দীন ৮০০ টাকা পাবেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এক কানি বা চল্লিশ শতক জমিতে এক ফুট গভীর গর্ত করে মাটি তুললে ১০০ ট্রাক মাটি পাওয়া যায়। এই মাটির দাম ৪০ হাজার টাকা। কিন্তু তাৎক্ষণিক লাভ হলেও এতে কৃষকের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। মাটি কেটে নেওয়ার পর জমি প্রায় দুই বছর জমি নিষ্ফলা থাকে। এরপর পুনরায় চাষ করতে গেলে প্রচুর সার ব্যবহার করতে হয়।
আনোয়ারা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ জানান, উপজেলায় কৃষি জমির পরিমাণ ৯ হাজার ৪৯০ হেক্টর। আমন ধান কাটার পর উপজেলার বিভিন্ন জায়গায় ফসলের জমির মাটি বিক্রি করছেন কৃষকেরা। কোনো জমি থেকে এক ফুট এক থেকে দেড় ফুট, আবার কোনো জমি থেকে ছয় থেকে আট ইঞ্চি গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এর ফলে ওই জমির পাশাপাশি পাশের জমিরও উর্বরতা নষ্ট হচ্ছে। গত বছর থেকে এ ব্যাপারে কৃষি বিভাগ নজরদারি করছে। তবে কেউ অভিযোগ না করায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
উপজেলার রায়পুর, চাতরী, বারখাইন, আনোয়ারা ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ফসলি জমির মাটি কাটতে দেখা গেছে। কোথাও কোথাও মাটি কাটার কাজে এক্সকাভেটরও ব্যবহার করতে দেখা গেছে।
আবদুস সালাম নামক একজন শ্রমিক জানান, শীতকালে মানুষ বাড়ি-ঘর বানানোর জন্য ভিটা ভরাটের কাজ করেন। জমির মাটি প্রধানত বাড়ি তৈরির কাজে লাগে।
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি তুলে নিলে জমির উর্বরতা কমে যায়। বিষয়টি জমির মালিকেরা না বুঝে করে থাকেন। এটি বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে আনোয়ারার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম আলম প্রথম আলোকে বলেন, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, তাই এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।