ফসলি জমির মাটি বিক্রি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়​া এলাকায় ফসলি জমির মাটি কেটে ট্রাক বোঝাই করছেন শ্রমিকেরা l প্রথম আলো
সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়​া এলাকায় ফসলি জমির মাটি কেটে ট্রাক বোঝাই করছেন শ্রমিকেরা l প্রথম আলো

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি বিক্রি চলছেই। অভিযোগ রয়েছে, উপজেলার অন্তত ৫৪টি ইটভাটায় ফসলি জমির উপরিভাগের মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। মাস খানেক পরেই ইট তৈরি বন্ধ হয়ে যাবে। ফলে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়।
উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তা ও ইটভাটার মালিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইটভাটায় ইট তৈরির জন্য দো–আঁশ ও এঁটেল মাটি ব্যবহার করা হয়। ফসলি জমির উপরি ভাগে রয়েছে এই দুই প্রকারের মাটি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, জমিতে ভালো ফসল উৎপাদনের উপযোগী হলো উপরিভাগের মাটি। ওই মাটি প্রতিনিয়ত কেটে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। অপর দিকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। জমির উপরিভাগের মাটি একবার কেটে নিয়ে গেলে তা পূরণ হতে ৮ থেকে ১০ বছর সময় লাগে।
গত সপ্তাহে সরেজমিনে দেখা গেছে, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানির বিল, সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল, এওচিয়া ইউনিয়নের ছনখোলা, কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া, ঢেমশা ইউনিয়নের রহমতের বেগ টেক ও সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকার বিভিন্ন ফসলি জমির মাটি কেটে ছোট ছোট ট্রাক ভর্তি করছেন। এরপর এসব ট্রাক চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। কোনো কোনো এলাকায় ফসলি জমিতে খননযন্ত্র দিয়ে গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে।
ঢেমশা ইউনিয়নের রহমতের বেগ টেক এলাকায় মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিক আবুল কালাম (৩৩) জানান, মাটি ব্যবসায়ীদের সঙ্গে ইটভাটার মালিকদের চুক্তি অনুযায়ী তাঁরা ফসলি জমির মাটি কাটেন।
কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানির বিলে কথা হয় কৃষক আয়ুব আলীর (৫২) সঙ্গে। তিনি বলেন, ‘আমার পাশের জমির মালিক চার মাস আগে ইটভাটায় মাটি বিক্রি করেছেন। এতে আমার জমিটি উঁচু হয়ে পড়েছে। চলতি বোরো মৌসুমে ধান চাষ করতে গিয়ে দেখি জমিতে পানি ধরে রাখা যাবে না। তাই বাধ্য হয়ে পাশের জমির সঙ্গে সমান করতে গিয়ে জমির উপরিভাগের মাটি বিক্রি করতে হয়েছে।’
এদিকে মাটির চাহিদা বাড়ায় অনেকে নেমে পড়েছেন মাটি ব্যবসায়। মাটি ব্যবসায়ী মোহাম্মদ শফিকুর রহমান (৫৮) বলেন, ‘আমরা কারও কাছ থেকে জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছি না। অগ্রিম টাকা দিয়ে পরে মাটি নিচ্ছি। জমির মালিকেরা এসেই দরদাম করে আমাদের কাছে মাটি বিক্রি করছেন।’
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম বলেন, ‘ইট প্রস্তুত করতে মাটির প্রয়োজন। আমরা ভাটার মালিকেরা ব্যবসায়ীদের কাছ থেকেই মাটি কিনছি। তাঁরা কীভাবে ও কোথা থেকে মাটি আনছেন তা আমাদের জানার বিষয় নয়।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, ইটভাটা ও ঘরবাড়ি তৈরি করতে গিয়ে উপজেলায় প্রতিবছর অন্তত ৫০০ হেক্টর জমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে। এতে জমির উর্বরতা শক্তি কমার পাশাপাশি ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা আছে। তাই এ ব্যাপারে প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি শাস্তির ব্যবস্থা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ফসলি জমির মাটি কাটা রোধ করতে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কিছু কিছু এলাকায় মাটি ব্যবসায়ীদের শাস্তি দেওয়ার পাশাপাশি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান আবারও শুরু করা হবে।