ফসলি জমির মাটি বিক্রির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমির উপরিভাগের মাটি বেচাকেনার ধুম পড়েছে। এসব মাটি দিয়ে নিচু জায়গা ভরাট ও ইটভাটায় ইট তৈরি করা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, উপজেলা সদরে সম্প্রতি বাড়ি ও মার্কেট নির্মাণের উপযোগী জমির দাম বেড়েছে। ফলে কিছু ব্যবসায়ী নিচু জমি মাটি ভরাট করে বিক্রি করছেন। পাহাড় কাটা নিষেধ থাকায় কৃষিজমির মাটি দিয়েই ওই সব জমি ভরাট করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার পশ্চিম মুসলিম ব্লক, গুচ্ছগ্রাম, জীবতলী তুরাবান গ্রামসহ বিভিন্ন স্থানে ফসলি জমিতে মাটি কাটা চলছে। এসব স্থানে শ্রমিক দিয়ে সদরের হাজিপাড়া, বাবুপাড়া, মধ্যমপাড়া ও চৌমুহনী এলাকায় নিচু জমিতে ভরাট করা হচ্ছে। এ ছাড়া চৌমুহনীতে একটি ইটভাটায় এসব মাটি নেওয়া হচ্ছে। প্রতিদিন ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ দেওয়া হয়। ট্রাক্টর চালক মো. নূর হোসেন বলেন, ‘আমরা প্রতি গাড়িতে ৪০০ থকে ৫০০ টাকা পাই। এর মধ্যে গাড়ির মালিক থেকে আমি আর শ্রমিকেরা দৈনিক মজুরি পাই। আর জমির মালিককে প্রতি গাড়ি ৪০ থেকে ৫০ টাকা দেওয়া হয়।’ হাজিপাড়া এলাকার ভরাট করা জমির মালিক মো. মাহবুব আলম বলেন, ‘ধানি জমি ছিল, এখন মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করব। ইতিমধ্যে অনেক প্লট বরাদ্দ হয়েছে। কৃষিজমি থেকেই মাটি কিনে ভরাট করছি। না হলে এত মাটি পাব কোথায়?’ এলাকাবাসীর অভিযোগ, কৃষিজমির মাটি কেটে নিচু এলাকা ভরাটকে কেন্দ্র করে ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনীতে এখন চলাফেরা করাও দায় হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিব উল্লা বলেন, ‘জমির উপরিভাগের পাঁচ থেকে ছয় ইঞ্চি মাটি মূলত উর্বর থাকে। এর নিচু জমিতে ফসল ভালো হয় না। জমির মাটি যেভাবে বেচাকেনা হচ্ছে, তাতে সামনের দিনগুলোতে ফসল ফলানো কঠিন হবে।’ ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তুষার কান্তি চাকমা বলেন, ‘কৃষকেরা টাকার লোভে নিজের জমির মাটি বিক্রি করছেন। আমাদের করার কিছু নেই। আগামী সময়ে কৃষক সমাবেশ করে জমির মাটি বিক্রি না করার জন্য বলা হবে।’