ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় তামাকবিরোধী চাষি সমাবেশ ৬ মে কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশনে অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা প্রশাসন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) ও একলাবের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে। এতে কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের কয়েক হাজার তামাকচাষি, জমির মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার। প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ছাবের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন ও উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
সমাবেশে চাষিরা তাঁদের দুঃখ–দুর্দশার কথা তুলে ধরেন অতিথিদের সামনে। চাষি জাফর আলম জানান, তাঁরা চলতি মৌসুমে ব্যাপক তামাক চাষ করেছেন। কিন্তু টোব্যাকো কোম্পানিগুলো তাঁদের ন্যায্য দাম দিচ্ছে না। ভবিষ্যতে তাঁরা আর তামাক চাষ করবেন না। চাষি দেলোয়ার হোসেন জানান, তামাক চাষের কারণে তাঁর অনেক ক্ষতি হয়েছে। তাঁর পরিবারের সবাই কোনো না কোনোভাবে অসুস্থ। তাই আর তামাকের চাষ করবেন না তিনি। চাষি সফি আলম বলেন, ‘তামাকের পরিবর্তে খাদ্যশস্য ফলাতে বলা হচ্ছে। কিন্তু সংরক্ষণের অভাবে এক কেজি কাঁচা মরিচ চার-পাঁচ টাকা, এক কেজি বেগুন পাঁচ-ছয় টাকা, এক কেজি টমেটো এক-দুই টাকায় বিক্রি করতে হয়। তখন ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের। তামাক চাষ বন্ধের আগে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুন।’
মোহাম্মদ ইলিয়াছ বলেন, সরকারের সহযোগিতায় সুরাজপুর-মানিকপুর বা কাকারায় একটি হিমাগার স্থাপন করা হবে। পর্যাপ্ত বরাদ্দ বা সহযোগিতা না পেলে ব্যক্তি উদ্যোগে হলেও আগামী মৌসুমের আগে হিমাগার স্থাপনের আশ্বাস দেন তিনি।