ফাঁকা মাঠে সক্রিয় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচিকে ঘিরে নগর বিএনপি প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা করছে। এসব সভায় উপস্থিতির হারও বাড়ছে। এ কারণে দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত। আগামী মাসের শেষের দিকে ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচিতে খালেদা জিয়ার নেতৃত্ব দেওয়ার কথা। অন্যদিকে, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন তাঁর কয়েকজন অনুসারী নিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত সাংসদ নুরুল ইসলামসহ অনেক নেতা চট্টগ্রামেই আছেন বলে জানা গেছে। তবে মাঠের রাজনীতিতে তাঁরা বিএনপিকে কতটুকু মোকাবিলা করতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ দলীয় কর্মী-সমর্থকেরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচি উপলক্ষে নগরে প্রতিদিন দুই থেকে তিনটি ওয়ার্ডে পথসভা করছে স্থানীয় বিএনপি। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতারা এতে উপস্থিত হয়ে বক্তব্য দেন। পথসভাগুলোতে বিপুল উপস্থিতির কারণে দলের নেতা-কর্মীরাও বেশ উজ্জীবিত।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পথসভাগুলো জনসভায় পরিণত হচ্ছে। বিএনপির কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মসূচিতে আসছেন। আসলে আওয়ামী লীগের দুঃশাসনে তাঁরা অতিষ্ঠ। তাঁরা ক্ষমতায় এই সরকারকে আর দেখতে চান না। খালেদা জিয়ার রোডমার্চে শামিল হতে তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ দলীয় সূত্র জানায়, নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ১০টি ওয়ার্ডে পথসভা করেছে বিএনপি। পর্যায়ক্রমে বাকি ৩১টি ওয়ার্ডেও ঈদের আগে ও পরে পথসভা হবে বলে দলীয় সূত্র জানায়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের ব্যর্থতা বিশেষ করে দুর্নীতি, স্বজনপ্রীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার ও ইউনিপে-টু কেলেঙ্কারি, পানি-বিদ্যুৎ-গ্যাসের সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগে সরকারি পর্যায়ের দুর্নীতির কথা আমরা শুনেছি। এখন তা বেসরকারি পর্যায়েও ছড়িয়ে গেছে। বিশেষ করে শেয়ারবাজার ও ইউনিপে-টু কেলেঙ্কারি বেসরকারি পর্যায়ের দুর্নীতি, যার সঙ্গে সরকারের আস্থাভাজন লোকজন জড়িত। আমরা এসব জনগণের সামনে তুলে ধরছি।’বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোডমার্চে হাজার হাজার কর্মী-সমর্থককে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া-মহল্লায় কর্মী-সমর্থকদের সংগঠিত করা হচ্ছে। ওয়ার্ড থেকে নগর পর্যায়ের নেতারা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে, বিএনপির রোডমার্চ কর্মসূচির বিপরীতে স্থানীয় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি আপাতত নেই। কারণ চট্টগ্রাম আওয়ামী লীগের মূল কাণ্ডারি হিসেবে পরিচিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর কয়েকজন অনুসারী নিয়ে সৌদি আরব গেছেন। ফলে চট্টগ্রামের রাজনৈতিক মাঠ অনেকটা ফাঁকা, যেখানে বিএনপি প্রতিদিন পথসভা করছে। মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী হজে যাওয়ার আগেই দলীয় নেতাদের কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ওইভাবে প্রস্তুতি নিচ্ছি। রোডমার্চের বিপরীতে কঠোর রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষমতা মহিউদ্দিন চৌধুরী ছাড়া আর কারও নেই। তবুও তাঁর অনুপস্থিতিতে আমরা মাঠে থাকার চেষ্টা করব।’ নগর আওয়ামী লীগের কর্মী সাহাব উদ্দিন বলেন, ‘বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলার ক্ষমতা কেবল মহিউদ্দিন চৌধুরীর আছে। তাঁর অনুপস্থিতিতে আর কেউ বিএনপির সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে আমাদের সংশয় আছে।’ তবে এই বাস্তবতা মানতে নারাজ আওয়ামী লীগের মহিউদ্দীনবিরোধী শিবির। মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘বিএনপির রোডমার্চ কর্মসূচির বিপরীতে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকছে। আমরাও নগরের প্রতিটি ওয়ার্ডে সভা করে বিএনপির শাসনামলের দুর্নীতির কথা তুলে ধরছি। খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর লুটপাট ও বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ বিএনপি আজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তাঁদের মুখে তো দুর্নীতির কথা মানায় না। আসলে যুদ্ধাপরাধের বিচার বানচাল ও দুর্নীতিবাজদের রক্ষার জন্য বিএনপি রোডমার্চ কর্মসূচি দিয়েছে।’ কখন এবং কোথায় রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘আমি নিজেও আমার নির্বাচনী এলাকায় সভা করেছি। তবে সভাগুলো ছোট ছিল। আরও কয়েকটি জায়গায় সভা করার ইচ্ছে আমার আছে।’