জামায়াত-বিএনপির টানা হরতাল-অবরোধে ফাঁকা হয়ে পড়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। শহরের চার শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস, আড়াই হাজার রেস্তোরাঁ, তিন শতাধিক বিনোদন সেবাকেন্দ্র ও ট্যুরিজম প্রতিষ্ঠান এবং দেড় হাজারের মতো বিপণিকেন্দ্র অলস বসে আছে। এদিকে হরতালের কারণে জেলার ৫৪টি চিংড়ি হ্যাচারির পোনা, সামুদ্রিক মাছ, শুঁটকি, লবণ সরবরাহও বন্ধ ছিল। টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিও স্থবির হয়ে পড়ে। হাটবাজারে দেখা দিয়েছে তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধের ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।ফাঁকা সমুদ্রসৈকত: গত সোমবার (৫ মার্চ) সকালে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, বিশাল সৈকত একেবারে ফাঁকা। সৈকতের কলাতলী, শৈবাল ও ডায়াবেটিক পয়েন্টও কোনো পর্যটক নেই। কলাতলী সড়কে স্থাপিত আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসির ব্যবস্থাপক মো. নাসির আহমদ বলেন, আগে এই রেস্টুরেন্টে দৈনিক কয়েক লাখ টাকার খাবার বিক্রি হতো। এখন হচ্ছে মাত্র কয়েক হাজার টাকা। স্থানীয় কিছু লোকজন না এলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেত। ট্যুরিজম প্রতিষ্ঠান বে অব বেঙ্গল গ্রুপের পরিচালক তোফায়েল আহমদ জানান, গত বৃহস্পতিবার দুপুরে আতঙ্কে ৭০ থেকে ৮০ হাজার পর্যটক কক্সবাজার ত্যাগ করেন। এর ফলে তিন শতাধিক পর্যটক সেবাপ্রতিষ্ঠানের তিন হাজার কর্মচারী বেকার হয়ে পড়েছেন। জানতে চাইলে কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হরতালের কারণে পর্যটকেরা চলে যাওয়ায় শহরের চার শতাধিক হোটেল, গেস্টহাউস ফাঁকা হয়ে গেছে। ফলে দৈনিক ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। বেকারজীবন কাটাচ্ছেন ১০ হাজারের বেশি কর্মচারী। বেতন দিতে না পেরে অনেকে কর্মচারী ছাঁটাই করে দিচ্ছেন। এ নিয়ে মালিক-কর্মচারীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপির সাংসদ লুৎফর রহমান ওরফে কাজল বলেন, পর্যটকদের যেন সমস্যায় পড়তে না হয়, সে জন্য আমরা কক্সবাজারে হরতাল শিথিল করি। এখনো করছি। কিন্তু জেলার বাইরে সড়ক অবরোধের কারণে এবার পর্যটকেরা দুর্ভোগে পড়েছেন। আটকেপড়া পর্যটকেরা নিরাপদে বাড়ি ফেরার জন্য বিক্ষোভও করেছেন। জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জি এম রহিমুল্লাহ বলেন, ‘কক্সবাজারে হরতাল পালন নিয়ে আমরাও সতর্ক থাকি। পর্যটন এলাকা হরতালের আওতামুক্ত রাখি। এবার সাঈদীর মুক্তির জন্য সাধারণ মানুষ মাঠে নামলে সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতির জন্য সরকার দায়ী।’ মাছসহ পণ্য সরবরাহ বন্ধ : জেলা মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, গত সোমবার পর্যন্ত টানা পাঁচদিন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সাতকানিয়া, লোহাগড়া, আমিরাবাদ, চকরিয়া থেকে ফেরত এসেছে প্রায় দুই কোটি টাকার মাছ। এসব মাছ পচে নষ্ট হয়ে গেছে। সরবরাহ দিতে না পারায় ব্যবসায়ীরা মাছ কিনছেন না। জেলেরাও মাছ ধরা বন্ধ রেখেছেন।উখিয়ার সোনারপাড়ার বলাকা হ্যাচারি মালিক নজিবুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবে গত পাঁচ দিন ধরে (বৃহস্পতি থেকে সোমবার) ৫৪টি হ্যাচারিতে চিংড়ি পোনা উৎপাদন বন্ধ রয়েছে। এসব হ্যাচারিতে উৎপাদিত হাজার কোটি পোনা দিয়ে খুলনা, সাতক্ষীরা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে চিংড়ি চাষ হচ্ছে। পোনা উৎপাদন বন্ধ থাকায় চিংড়ি চাষে ধস নামতে পারে। কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদ সভাপতি আনোয়ার পাশা বলেন, হরতালের কারণে ৫০ হাজার লবণ চাষি বেকার জীবন কাটাচ্ছেন। কেনার লোক নাই বলে ২০০ টাকার প্রতিমন লবণ এখন ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।