ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন ষষ্ঠ-সপ্তম শ্রেণীর ছাত্র, তখন প্রচুর পাখি শিকার করতাম। প্রতিদিন আমার রুটিন ছিল খুব ভোরে ঘুম থেকে ওঠা। তারপর পাখি ধরার ফাঁদ নিয়ে বাড়ির পাশে মাঠে চলে যাওয়া। সুন্দরভাবে মাছ গেঁথে ফাঁদ পেতে লুকিয়ে থাকতাম ধানখেতের আড়ালে। কিছু সময় পর ক্ষুধার্ত বকের দল আসত সেখানে। খিদের জ্বালায় তারা মাছ শিকার করার জন্য যেই ফাঁদের কাছে এগিয়ে যেত, সঙ্গে সঙ্গে ফাঁদে আটকে যেত। আর আমি মহা আনন্দে ধানখেতের পাশ থেকে ছুটে গিয়ে ফাঁদ থেকে বক ছাড়িয়ে আনতাম। এভাবে কত পাখি যে শিকার করেছি, তা আমি বলতে পারব না। তখন পাখি ধরে মজা পেতাম। কিন্তু এখন বুঝি, আমি প্রকৃতির কত ক্ষতি করেছি। মাঝেমধ্যে বকের দল উড়ে যেতে দেখে আমার খুব কষ্ট হয়। মনে মনে ভাবি, আমি পাখি শিকার না করলে আরও কত পাখি থাকত প্রকৃতিতে। তখন হাতজোড় করে বলতে ইচ্ছা করে, প্রকৃতি, তুমি আমায় ক্ষমা করে দাও।এস এম তানসেনযশোর।