ফাঁসির দাবিতে মুখর শহীদ মিনার
জামায়াতের নেতা কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে মুখর ছিল কক্সবাজার শহরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহর থেকে বিকেল পর্যন্ত মিছিল নিয়ে দলে দলে লোকজন আসে ফুল দিতে। তবে এবার প্রবীণদের তুলনায় নবীনদের সমাগমই ছিল বেশি।কক্সবাজার কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ফাহিম (৭) সকালে একটি লাল গোলাপ নিয়ে ছুটে আসে শহীদ মিনারে। সঙ্গে ছিলেন মা দিলসাদ বেগম। ফুলটি শহীদ মিনারে রেখে সবার সামনে ফাহিম বলে ওঠে, ‘রাজাকারের ফাঁসি চাই।’মা বলেন, ঘরে টেলিভিশনে শাহবাগের জাগরণ দেখে দেখে ছেলে শুধু রাজাকারের ফাঁসি চাইছে।কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ইসমত বলে, ‘এই প্রথম শহীদ মিনারে এসে ফুল দিলাম। বায়ান্নর ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি একাত্তরের ঘাতক রাজাকারদের ঘৃণা জানালাম।’ ছোট্ট শিশু নাবিল (১২), শিউলী (১৩) শহীদ মিনারের ছবি আঁকতে আঁকতে জানায়, তারাও রাজাকারের ফাঁসি চায়।একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এরপর পুলিশ সুপার মো. আজাদ মিয়া, সাংসদ লুৎফর রহমান, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কক্সবাজার সিভিল সোসাইটি, কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার পৌরসভা, প্রথম আলো বন্ধুসভা, ঝিনুকমালা, সিমুনিয়া খেলাঘর, বিএমএ, জেলা পল্লিচিকিৎসক সমিতিসহ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, শাহবাগ আন্দোলন সারা দেশকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। এ কারণে শহীদ মিনারে শিশু-কিশোরদের উপস্থিতি আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ১৫ ফেব্রুয়ারি শহরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষের ঘটনার পর পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। সাধারণ মানুষ তাই বিপুল উৎসাহ নিয়ে শহীদ মিনারে ছুটে আসে।