ফাইতং খালের একি হাল
‘পাঁচ বছর আগেও এই খালর পানি হাইতাম আঁরা। উদিনত পাইন্যাশা গইত্যাম, চাষ আইত। এহন খাল ভরি গিয়ে। পানিও কম, যা আছে তাও লাল।’ (পাঁচ বছর আগেও আমরা এই খালের পানি পান করতাম। শুষ্ক মৌসুমে বোরোচাষ করতাম খালের পানি দিয়ে। এখন খাল ভরাট হয়ে গেছে। পানি কম, যা আছে তা-ও লাল হয়ে গেছে)।কথাগুলো বললেন, লামার ফাইতংয়ের নোয়াপাড়ার আবুল হোসেন (৫৫)।তাঁর কথা, ছয়-সাত বছর ধরে নির্বিচারে গাছনিধন, পাহাড় কেটে ইটভাটা স্থাপন, মাটি খুঁড়ে পাথর উত্তোলন ও যত্রতত্র তামাকচাষের কারণে ফাইতং খালের উত্পত্তিস্থলের বিভিন্ন ছড়া ও ঝিরি মরে গেছে। পাহাড় ঘেমে দুই-একটা ঝিরিতে সামান্য পানি আসে। তবে তা-ও লালচে রং ধারণ করেছে। সেই পানি ব্যবহার করা যায় না। এলাকাবাসী জানান, ফাইতং মৌজার পাঁচ গ্রামের মানুষের পানির একমাত্র উত্স খালটি। এটি চকরিয়ার মানিকপুর হয়ে মাতামুহুরী নদীতে মিশেছে। ফাইতংয়ে আদিবাসীদের বসবাস বেশি। ৩০-৪০ বছর আগে বাঙালিরাও বসতি গড়ে তোলেন। এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। পাহাড়ি ছড়া, ঝিরি ও ঝরনাই পানির একমাত্র উত্স। দুই-চারটা নলকূপ বসানো হলেও তাতে পানি ওঠে না।সরেজমিনে দেখা গেছে, আজিজনগর ইউনিয়নের ফাইতং হেডম্যানপাড়া ঘেঁষে প্রবাহিত হয়েছে ফাইতং খাল। খালে দুই-তিন ফুট পানি। পানিই সাক্ষ্য দিচ্ছে, ধ্বংস হওয়া পাহাড় থেকে ছড়া বেয়ে খালে পড়েছে। খালের দুই পাড়ের কাছাকাছি সাতটি ইটভাটা। আশপাশের পাহাড় থেকে মাটি আনা হয় ভাটায়। কাটা পাহাড়ের বালু এসে পড়ে পানিতে। তাতে দূষিত হয় পানি।খালে একদল আদিবাসী নারী গোসল ও বাসন ধোয়ার কাজ করছেন। তাঁদের একজন অশীতিপর বৃদ্ধা। চোখে কালো চশমা। চেহারায় আভিজাত্যের চাপ। কথা বলতে চাইলে রাগের সুরে বলেন, ‘তুমির কাজ কি এখানে?’ সাংবাদিক পরিচয় দিয়েও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। গ্রামের এক যুবক জানান, তাঁর নাম চে হ্লা মার্মা। গ্রামে একসময় ধনী ছিলেন তাঁরাই। এখন তাঁদের অবস্থা খুব সঙ্গিন।চে হ্লা মার্মার মতো ফাইতং খালেরও একই দশা। দখল ও দূষণে মরে যাচ্ছে। সিং হ্লা মারমা ও মং হ্লা মারমা জানান, ‘অন্য কোনো উত্স না থাকায় এলাকার মানুষ এখনো খালের পানি ব্যবহার করেন। ফলে তাঁরা ডায়রিয়াসহ নানা রোগে ভুগছেন।’উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল জানান, পাহাড়কাটা হয়েছে এটা সত্য। এ ব্যাপারে যথাযথ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এলাকার জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও নানা সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।