ফাইল
অফিসে থাকলেই কেন যেন আমার ভীষণ ঘুম পায়। চা, কফি, বসের ঝাড়ি—কোনো কিছুতে সেই ঘুম কাটে না। আজ ঘুমটা অন্য দিনের চেয়ে একটু বেশি। এসিটা বাড়িয়ে চেয়ারে গা এলিয়ে দিলাম। চোখটা মাত্র বুজে এসেছে, এমন সময় বেজে উঠল ফোন! ধুর! ফোনটাকে বোবা করতে ভুলেই গিয়েছিলাম। কী আর করা, ধরলাম—হ্যালো?আমি শেলী। কেন ফোন করেছ? আমি বলেছি এসব সম্ভব না। ভুলে যাও। আমার বউ-বাচ্চা আছে। প্লিজ তুমি আর ফোন করবে না। কথাগুলো আগে মনে ছিল না? এত সহজে তোমাকে ছাড়ব? আমাকে পাঠানো তোমার সব চিঠি, তোমার আমার ক্লোজ কিছু ছবি নিয়ে একটা ফাইল করেছি। গুড। এলোমেলোভাবে রাখার চেয়ে ফাইল উত্তম। তাই নাকি? শোন, ফাইলটা কুরিয়ার করে তোমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। তোমার বউ সত্যটা জানুক। প্রতিটি সুনাগরিকের সত্য জানার অধিকার আছে। সুখে থেকো। বাই। আমার ঘুম পালিয়ে গেল। শেলী এটা কী করল? এখন উপায়? ওই ফাইল চৈতির হাতে পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। হায় হায়। কী করব? কোন কুরিয়ারে পাঠিয়েছে তাও তো জিজ্ঞেস করিনি। ছাদ থেকে লাফ দেব নাকি? কিন্তু আমার তো আবার উচ্চতাভীতি আছে। অ্যাকাউন্টসের রিয়াজ এসে বললেন, কিরে ভাই, ঝিম মেরে আছেন যে?দেশের সর্বোচ্চ পর্বত আমার মাথায় ভেঙে পড়েছে। বাহ! ভালো কথা, সর্বোচ্চ পর্বত এখন কোনটা?জানি না। বাসায় যাচ্ছি। শরীরটা খুব খারাপ লাগছে।আস্ত পর্বত ভেঙে পড়েছে, শরীর তো খারাপ লাগবেই। আমি চোখ গরম করে তাকানোর চেষ্টা করলাম। এসির কারণে চোখ গরম হলো না। আসার পথে ভাবলাম কাল বাসায় থাকব। কোনোভাবেই ফাইল চৈতির হাতে পড়তে দেওয়া যাবে না। বাসায় ঢুকতেই চৈতি বলল, ‘বাবু আমার ফোন ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, বোঝ অবস্থা!’ বুঝলাম। বাবু খুবই দুষ্টু হয়েছে। কোনো জিনিস ওর জন্য ঠিকমতো রাখা যায় না। তবে সেদিকে না গিয়ে চৈতিকে বললাম, দিনকাল ভালো না। খুব ডাকাতি হচ্ছে। যেই আসুক, তুমি দরজা খুলবে না।সকাল থেকে ড্রয়িংরুমে পজিশন নিলাম। ‘তোমার দেখা নাই রে তোমার দেখা নাই’ গানের মিউজিক ভিডিওর মডেল মনে হলো নিজেকে। বুয়া-ভিক্ষুক-ময়লাওয়ালা সবাই আসে, কিন্তু কুরিয়ারের লোক আর আসে না। তার জন্য আমি যেভাবে অপেক্ষা করছি গার্লফ্রেন্ডের জন্যও কেউ এমন করে না। বসে বসে পুরো পত্রিকা পড়ে ফেললাম তাও ব্যাটার দেখা নেই। ডাকবিভাগের পিয়নও তো এত দেরি করে না। চৈতি এসে একটু পর পর দেখে যায়। অবাক হয়, আমি পাত্তা দিই না। বসে বসে যখন ঘুম চলে এল, তখনই বাজল কলবেল। উসাইন বোল্টের মতো ছুটে গিয়ে দরজা খুললাম। যাক, ব্যাটা এসেছে। সই করে প্যাকেটটা নিলাম। চৈতি রান্নাঘরে। বাবু কার্টুন দেখছে। এটাই সুযোগ। দ্রুত কোথাও লুকিয়ে ফেলতে হবে। ঘরে এসে ফাইলটা বের করে দেখি সর্বনাশ! ছবি-চিঠিতে ভর্তি! এই ফাইল ঘরে রাখা যাবে না। দূষিত বুড়িগঙ্গায় ফেলে দিতে হবে। কিন্তু আপাতত রাখব কোথায়? বিছানার নিচে? না, চৈতি দেখে ফেলবে। শেষে আলমারির পেছনে রাখলাম। আলমারি দেয়ালের সঙ্গে লাগানো। কেউ দেখবে না। পরদিন নিশ্চিন্ত মনে অফিসে গেলাম। ঢুকতেই বস বললেন, ফাইলটা কোথায় রেখেছেন?আমার মাথা ঘুরে উঠল। কী বলব কিছু বুঝতে পারলাম না। কোনোমতে বললাম, ফাইল?হ্যাঁ, এইচআরের ফাইলটা কোথায়? পাচ্ছি না তো। ওহ স্যার! এখনই বের করে দিচ্ছি। দ্রুত কেবিনেট থেকে ফাইলটা বের করে দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। ইস! কী ভয়ই না পেয়েছিলাম! আর চিন্তা নেই। টেবিলে পা উঠিয়ে দিলাম ঘুম। হঠা ৎ চৈতির ফোন। সেই এক প্যাঁচাল। কী খেয়েছ, কখন আসবে এই সেই বলে বলল, বাবু একটা ফাইল খুলে ফেলেছে। মানে? কিসের ফাইল? সেটা এসে দেখো, আমি রাখি। কচুর লতি পুড়ে যাচ্ছে।মাথায় হাত দিয়ে বসে পড়লাম। হে খোদা! কচুর লতির তরকারির মতো আমার জীবনটাও এবার শেষ। এখন কী করব? চৈতির বাবা বলেছিল মগবাজারের বাড়িটা আমাদের নামে লিখে দেবে। এখন যদি ও বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে।রিয়াজ এসে বলল, আবার পর্বত ভেঙেছে নাকি? শোনেন, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হলো তাজিংডং। নেট ঘেঁটে বের করলাম। আমি কিছু বললাম না। দ্রুত বাসায় যেতে হবে। ও খুব অভিমানী মেয়ে। কী করে বসে ঠিক নেই। বসের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় এসে চৈতির থমথমে মুখ দেখে যা বোঝার বুঝে নিলাম। এরই মধ্যে হয়তো সুটকেসও গুছিয়ে ফেলেছে। বললাম, ফাইলটা দেখেছ, তাই না? চৈতি মাথা নাড়ল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোমার মুখ দেখেই তা বুঝতে পেরেছি। আসলে আলমারির পেছনে ওটা রাখাই ভুল হয়েছে। আমি খুবই সরি। শেলীর সঙ্গে আমার সম্পর্কের কথাটা তোমার কাছে গোপন করেছি। কাজটা ভালো হয়নি তা জানি, কিন্তু তবুও তুমি বাড়ি ছেড়ে যেয়ো না। আব্বা রাগ করবে। মানে? ফাইল দেখে মন খারাপ হবে কেন? মন খারাপ তো হয়েছে কচুর লতি পুড়ে গেছে সে জন্য। আর শেলী কে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি কি আরেকটা বিয়ে করেছ? ছিঃ ছিঃ ছিঃ! তুমি এত খারাপ? কোথায় সেই ফাইল?তুমি ফাইল দেখনি? তাহলে যে বললে বাবু ফাইল খুলে ফেলেছে?বাবু তো এমএস ওয়ার্ডে একটা ফাইল খুলেছে। আমি ওটার কথাই বলেছিলাম। আমি আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হায় রে ফাইল!