ফাইল সংরক্ষণের সুবিধা নিয়ে মিডিয়াফায়ার
প্রযুক্তি আমাদের চলার পথ ধীরে ধীরে সহজ থেকে সহজতর করে তুলছে। এ কথা না মেনে এখন আর উপায় নেই। এই যেমন ধরুন, একসময় আমরা কম্পিউটারে বিভিন্ন ফাইল (ছবি, সফটওয়্যার, অডিও-ফিডিও ফাইল, প্রামাণ্য লেখাপত্র ইত্যাদি) জমা করে বেশ নিশ্চিন্তেই থাকতাম। ভাবতাম এর চেয়ে নিরাপদ আর কী হতে পারে। কিন্তু বেশি দিন এভাবে ভাবনাহীন থাকা গেল না। কারণ কম্পিউটারে জায়গা হচ্ছে না। আবার ভাইরাসে কম্পিউটার আক্রান্ত হলে সেই প্রয়োজনীয় ফাইলগুলো বাঁচিয়ে রাখাও কঠিন হয়ে পড়ে। এরপর ভরসা করতে হয় সিডিতে। সবকিছু সিডিতে সংরক্ষণ করার হইচই শুরু হয়। কেউ কেউ তা পেনড্রাইভে সংরক্ষণ করে রাখতে শুরু করলেন। প্রয়োজনে তা সেখান থেকে কম্পিউটারে এনে কাজ সেরে নিলেন। তারপর আবার যথাস্থানে রেখে দিলেন। এসব কাজকে আরও সহজ করতে সহযোগিতার হাত বাড়ায় বিভিন্ন ওয়েবসাইট। না, কোনো রকম খরচাপাতি ছাড়াই একবারে বিনা মূল্যে সব ফাইল সংরক্ষণ করতে পারবেন সেখানে। আবার প্রয়োজনে সেখান থেকে ফাইল নামিয়ে নিতে পারবেন। কেবল আপনার ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে। এ ধরনের সাইটের অন্যতম হলো মিডিয়াফায়ার (www.mediafire.com). এ সাইটে সর্বোচ্চ ২০০ মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করা যায়। তবে এর জন্য প্রথমে আপনাকে সাইন আপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তারপর এ সুবিধা ভোগ করতে পারবেন অনায়াসে। উল্লেখ্য, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ সাইটের কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্বের সব প্রান্তেই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। নিজাম সিদ্দিকী